বায়ার্নের জালে ৮ সেকেন্ডেই বল, বুন্দেসলিগায় দ্রুততম গোলের রেকর্ড

আন্তর্জাতিক বিরতি শেষে মাঠে ফিরেই অপ্রত্যাশিত এক ধাক্কা খেয়েছে বায়ার্ন মিউনিখ। অগসবার্গের বিপক্ষে ম্যাচের শুরুতে গোল কিক থেকে খেলা শুরুর মাত্র ৮.৪ সেকেন্ডের মাথায় গোল হজম করে জার্মানির ঐতিহ্যবাহী ক্লাবটি। বায়ার্নের অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন অগসবার্গের রবিন ফেলহাউয়ার।
শনিবার (১০ অক্টোবর) ম্যাচের শুরুতেই ঘটে এই ঘটনা। লুইস দিয়াজের ব্যাকপাস পেয়ে বল নিয়ন্ত্রণে নেন ৪০ বছর বয়সী নয়্যার। এরপর বল ক্লিয়ার করতে গিয়ে সেটি কিছুটা দূরে ঠেলে দেন তিনি।
এ সময় দ্রুত এগিয়ে আসেন অগসবার্গের স্ট্রাইকার ফেলহাউয়ার। তাঁকে এড়িয়ে বল চিপ করে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন নয়্যার। কিন্তু গোলরক্ষকের পা থেকে উঠে যাওয়া বল সরাসরি গিয়ে লাগে ফেলহাউয়ারের পিঠে। সেখান থেকে ফিরে আসা বল ফাঁকা জালে পাঠাতে ভুল করেননি অগসবার্গের এই ফুটবলার।
জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’-এর সময় গণনা অনুযায়ী, গোলটি হতে সময় লেগেছে মাত্র ৮.৪ সেকেন্ড। এর মধ্য দিয়ে বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড নিজের করে নেন ফেলহাউয়ার।
এর আগে রেকর্ডটি যৌথভাবে দখলে রেখেছিলেন বায়ার লেভারকুসেনের করিম বেলারাবি ও হফেনহাইমের কেভিন ফলান্ড। দুজনই ম্যাচ শুরুর ৯ সেকেন্ডের মধ্যে গোল করে এই কীর্তি গড়েছিলেন।