রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নিজের সুবিধামতো আইন করে স্বৈরশাসক টিকতে পারেনি: মঞ্জু শিক্ষার মান বাড়াতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রতিমন্ত্রী চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের অগ্রগতি ও ক্যাপাসিটি চার্জের হিসাব চায় সংসদীয় কমিটি হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘সোলার ব্যবহারে বিদ্যুৎ খরচ ও আমদানি ব্যয় কমবে’: অর্থমন্ত্রী যান্ত্রিক ত্রুটিতে ঢাকায় বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ দিল্লিতে বিক্ষোভের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আটক প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ১৬ অক্টোবর দিল্লিতে পদযাত্রার পর সভানেত্রী নেহা বোরা আটক
  • প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত, নীলক্ষেতে সড়ক অবরোধ

    প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত, নীলক্ষেতে সড়ক অবরোধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা। শনিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার পর শুরু হওয়া এ বিক্ষোভের কারণে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকার সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

    বিক্ষোভকারীরা ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘বিচার চাই, প্রশ্ন ফাঁসের বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগও দাবি করেন তাঁরা।

    পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্রের ছবি ছড়িয়ে পড়ে। এ নিয়ে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর কর্তৃপক্ষ সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করে। এ সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সামনে ক্ষোভ প্রকাশ করেন চাকরিপ্রত্যাশীরা।

    ঢাকা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা এক চাকরিপ্রত্যাশী জানান, নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে প্রশ্নপত্র সরবরাহ ও কক্ষ পরিদর্শকদের উপস্থিত থাকার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা হয়নি। বেলা ১১টায় পরীক্ষা শুরুর কথা থাকলেও সাড়ে ১১টা পর্যন্ত অপেক্ষা করতে হয় তাঁদের। পরে কক্ষ থেকে বেরিয়ে আসার কিছুক্ষণ পর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এসে পরীক্ষা হবে না বলে জানান।

    ওই পরীক্ষার্থীর দাবি, পরীক্ষা শুরুর আগেই ফেসবুকে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রশ্নপত্র হিসেবে একটি প্রশ্ন ছড়িয়ে পড়েছিল। পরে পরীক্ষার্থীরা সেটিকে আসল প্রশ্নপত্র বলে দেখতে পান। তবে পরীক্ষা স্থগিতের বিষয়ে আগে থেকে তাঁদের জানানো হয়নি।

    তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় এসে পরীক্ষা দিতে অনেকের দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে। কেউ হোটেলে, আবার কেউ আত্মীয়স্বজনের বাসায় অবস্থান করেছেন। শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত হওয়ায় তাঁদের অর্থনৈতিক ক্ষতি ও ভোগান্তিতে পড়তে হয়েছে।

    পরীক্ষার্থীরা অভিযোগ করেন, যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় বারবার প্রশ্নফাঁসের ঘটনা ঘটছে। এ ধরনের অভিযোগের প্রতিকার এবং দায়ীদের বিচারের দাবিতেই তাঁরা আন্দোলনে নেমেছেন। প্রশ্নফাঁসের অভিযোগ দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং শাস্তির আওতায় আনার দাবি জানান তাঁরা। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা।

    এ বিষয়ে নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) আবু মোহাম্মদ কাউসার বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে পরীক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করেছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

    যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদটি ১১তম গ্রেডের। শনিবার সকাল ১১টায় এ পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে সারা দেশ থেকে তিন লাখের বেশি প্রার্থীর অংশ নেওয়ার কথা ছিল। এ জন্য রাজধানীতে প্রায় ১০০টি পরীক্ষাকেন্দ্র প্রস্তুত করা হয়েছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন