রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৪৭

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৫৮টি মামলা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগে ৪৭, ওয়ারীতে ৫৬, মতিঝিলে ৬৭, তেজগাঁওয়ে ৭০, মিরপুরে ১০১, গুলশানে ২৯, উত্তরা বিভাগে ৪৭ এবং গোয়েন্দা বিভাগে তিনজন রয়েছেন।
অভিযানের সময় দুটি রামদা, তিনটি চাকু, ৫১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, এক হাজার পিস ইয়াবা, ৫১ পুরিয়া হেরোইন ও ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নগদ ১৬ হাজার ২০০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।