২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৩, উদ্ধার বিপুল মাদক

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে ৪০টি মামলা হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর এলাকা থেকে।
শনিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৬ জন, লালবাগ থেকে ৫৯, ওয়ারী থেকে ৭৫, মতিঝিল থেকে ৮২, তেজগাঁও থেকে ৭৯, মিরপুর থেকে ৯০, গুলশান থেকে ৪৭ এবং উত্তরা থেকে ৪৩ জন রয়েছেন। এ ছাড়া ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ১১ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ৭৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১ হাজার ৪৪২টি ইয়াবা, ৭ গ্রাম হেরোইন ও দুই ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি কাভার্ডভ্যান, দুটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৪০০ টাকা এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারের পাশাপাশি মাদকদ্রব্য ও বিভিন্ন মামলার আলামত উদ্ধার করা হয়েছে।