রাজধানীতে পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় ৪৮১ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ১০ হাজার ১৪৫ পিস ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩১ জন রয়েছেন। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭৪ জন, তেজগাঁও বিভাগে ৭২ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, লালবাগ বিভাগে ৪০ জন, উত্তরা বিভাগে ৩৮ জন, গুলশান বিভাগে ৩৭ জন, রমনা বিভাগে ২৯ জন এবং গোয়েন্দা বিভাগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি জানায়, অভিযানে ১০ হাজার ১৪৫ পিস ইয়াবা, ৬ দশমিক ১৭ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম তামার তার, এক হাজার পিস সাবান ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।