গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার শৈলান এলাকায় কারখানাটির গোডাউনে আগুন লাগে।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে সারাবো ফায়ার সার্ভিস স্টেশনের আরও তিনটি ইউনিট যোগ দেয়। সর্বশেষ আরও তিনটি ইউনিট যুক্ত হওয়ায় বর্তমানে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পথে রয়েছে আরও একটি ইউনিট।
আরিফুল ইসলাম আরও জানান, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। গোডাউনে প্রচুর খালি কার্টন থাকায় আগুনের তীব্রতা বেড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।