রাবণ বধে ইয়ামি গৌতম, নারীর মর্যাদা ও সাহসের বার্তা দেবে দিল্লির রামলীলা

ভারতের রাজধানী দিল্লিতে দশেরার আয়োজনে প্রতীকীভাবে রাবণ বধ করবেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। মঙ্গলবার (২০ অক্টোবর) ঐতিহাসিক লালকেল্লার ময়দানে আয়োজিত লব-কুশ রামলীলায় হাজারো দর্শকের সামনে রাবণের দিকে তির ছুড়বেন তিনি। এবারের আয়োজনের মূল বার্তা—নারীর প্রতি সম্মান, মর্যাদা ও ক্ষমতায়ন।
সম্প্রতি নিজের নতুন ছবি ‘নয়ি নাভেলি’র একটি দৃশ্যে রাবণ বধ করতে দেখা গেছে ইয়ামিকে। এবার পর্দার সেই দৃশ্যের মতোই বাস্তবের মঞ্চে দশেরার ঐতিহ্যবাহী আয়োজনে অংশ নেবেন অভিনেত্রী।

লব-কুশ রামলীলা কমিটির সভাপতি অর্জুন কুমার জানান, এ বছরের রামলীলার মূল ভাবনা ‘নারীর প্রতি সম্মান’। তাঁর মতে, নারী ভালোবাসা ও মমতার প্রতীক হওয়ার পাশাপাশি অন্যায় এবং সামাজিক কুপ্রথার বিরুদ্ধে দাঁড়ানোর সাহসও ধারণ করেন।
এই ভাবনা থেকেই ইয়ামি গৌতমকে রাবণ বধের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, অভিনেত্রীর অংশগ্রহণের মধ্য দিয়ে দিল্লিসহ ভারতের নারীদের প্রতি সম্মান এবং অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে নারীর ভূমিকার বার্তা তুলে ধরা হবে।

অর্জুন কুমার আরও বলেন, রাবণ শুধু পৌরাণিক চরিত্র নন; অহংকার, অন্যায় এবং সমাজের বিভিন্ন অশুভ প্রবণতারও প্রতীক। তাই একজন নারীকে দিয়ে প্রতীকী রাবণ বধ করানোর মধ্য দিয়ে নারীর সাহস, আত্মমর্যাদা ও ক্ষমতায়নের বিষয়টি সামনে আনতে চায় আয়োজক কমিটি।

দিল্লির লব-কুশ রামলীলার রাবণ বধ অনুষ্ঠানে এর আগেও বলিউডের একাধিক তারকা অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন অক্ষয় কুমার, অজয় দেবগন, জন আব্রাহাম, প্রভাস, কারিনা কাপুর এবং চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠি।
আয়োজকদের আশা, এবারের অনুষ্ঠানে ইয়ামি গৌতমের অংশগ্রহণ ঐতিহ্যবাহী দশেরা উদ্যাপনে নতুন মাত্রা যোগ করবে। লালকেল্লার ঐতিহাসিক প্রেক্ষাপটে রাবণ বধের এই আয়োজনের মধ্য দিয়ে অশুভের বিরুদ্ধে শুভের বিজয়ের পাশাপাশি নারীর সম্মান ও শক্তির বার্তাও তুলে ধরা হবে।