দুর্গাপূজার মন্দির পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী

রংপুর সফর শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন ও জনসভায় যোগ দিতে মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী সফর করছেন তিনি।
বিকেল ৩টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সেখানে বিএনপির নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাঁদের অভিবাদনের জবাব দেন।
বিমানবন্দর থেকে সড়কপথে নগরীর গণকপাড়ায় রাজশাহী ধর্মসভা মন্দিরের উদ্দেশে রওনা হন তিনি। পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে উড়োজাহাজে সৈয়দপুরে যান তারেক রহমান। সেখান থেকে সড়কপথে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যান এবং সেখানে বক্তব্য দেন। পরে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে রওনা হন তিনি।
রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন শেষে বিকেলে নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
তাঁর সফরকে ঘিরে রাজশাহীতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দুপুর থেকেই জনসভাস্থলে জড়ো হতে শুরু করেন তাঁরা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জনসভাস্থল প্রস্তুত করা, নগর পরিচ্ছন্ন রাখা এবং অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রমও চালানো হয়েছে। পুরো নগরীতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্দির পরিদর্শনে রাজশাহীতে আসছেন। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তারেক রহমানের প্রথম রাজশাহী সফর। তাঁর আগমনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীরা উজ্জীবিত ও উচ্ছ্বসিত। রাজশাহীবাসীও প্রধানমন্ত্রীকে একনজর দেখতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।