মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দুর্গাপূজার মন্দির পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী এশিয়ান গেমসে বড় হার, তবু ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোল বাংলাদেশ কুমিল্লায় পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাহার চান ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের শিক্ষার্থীরা হাড়ক্ষয় রোগের ঝুঁকি কমাতে দেশজুড়ে সচেতনতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান সফরে তারেক রহমান, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব ফ্রান্সে বিক্ষোভ-লুটপাট, চুরি হলো মেসির স্বাক্ষর করা জার্সি ও আর্মব্যান্ড আরব আমিরাতেহাটহাজারী সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রতিমন্ত্রী পদ থেকে ইশরাকের পদত্যাগ গ্রহণ করলেন রাষ্ট্রপতি নাক্রাইপাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দেশের উন্নয়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • নাক্রাইপাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

    নাক্রাইপাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন নাক্রাইপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সিন্দুকছড়ি জোনের উদ্যোগে নাক্রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে এলাকার প্রায় ২০০ জন পাহাড়ি রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
    সিন্দুকছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার বাসিন্দাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আয়োজিত এ ক্যাম্পেইনে নেতৃত্ব দেন সিন্দুকছড়ি জোন সদরের মেডিকেল অফিসার ক্যাপ্টেন এম. সোহান আল মাহমুদ (আরএমও)।

    ক্যাম্পেইনে জ্বর, সর্দি-কাশি, শ্বাসতন্ত্রের সংক্রমণ, বাতব্যথা, অ্যালার্জি ও চর্মরোগসহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি ডায়রিয়া, আমাশয় ও টাইফয়েডের মতো পানিবাহিত রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ বিতরণ করা হয়। সাধারণ অসুস্থতা নিয়ে আসা রোগীদেরও চিকিৎসাসেবা দেওয়া হয়।

    চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সল, পিএসসি, জি। এ সময় স্থানীয় কারবারি, হেডম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাক্রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

    পরিদর্শনকালে জোন কমান্ডার স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের মধ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাসের আহ্বান জানান। তিনি সবার সুস্বাস্থ্য কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

    এদিকে, মেডিকেল ক্যাম্পেইনে উপস্থিত স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ উদ্যোগের প্রশংসা করেন এবং দুর্গম পার্বত্য এলাকায় এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম নিয়মিত চালু রাখার অনুরোধ জানান।

    এ সময় স্থানীয়রা নাক্রাইপাড়া ত্রিমোড়ে একটি সৌরবিদ্যুতের বাতি স্থাপন, নাক্রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছের খালের ওপর একটি বাঁশের সাঁকো নির্মাণ এবং বিদ্যালয়ের জন্য একটি সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের দাবি জানান।

    স্থানীয় জনগণের এসব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলে সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়।

    সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গম পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ