মা হওয়ার ৪২ দিন পর ফ্যাশন শোতে বারবারা, স্ত্রীর ভিডিও করলেন ডিলান

সন্তান জন্মের মাত্র ছয় সপ্তাহ পরই ভিক্টোরিয়াস সিক্রেটের ফ্যাশন শোতে ফিরেছেন সুপারমডেল বারবারা পালভিন। তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের মধ্যে ছিল বাড়তি আগ্রহ। র্যাম্পে স্ত্রীকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেতা ও তাঁর স্বামী ডিলান স্প্রাউসও।
গত ৭ সেপ্টেম্বর প্রথম সন্তানের মা-বাবা হন বারবারা ও ডিলান। তাঁদের কন্যাসন্তানের নাম সিলভি। মা হওয়ার পর অল্প সময়ের মধ্যেই ফ্যাশন দুনিয়ায় ফিরে এসে আলোচনায় এসেছেন বারবারা।
ফ্যাশন শোর শুরুতে হালকা গোলাপি রঙের স্বচ্ছ কাপড়ের মিনিড্রেস পরে র্যাম্পে হাঁটেন এই মডেল। পোশাকটির নিচের অংশে ছিল অসমান নকশা। সঙ্গে পরেছিলেন ভিক্টোরিয়াস সিক্রেটের নজরকাড়া হুপ কানের দুল। হালকা সাজ ও খোলা চুলে তাঁর উপস্থিতি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।
র্যাম্পে হাঁটার সময় গায়িকা মেগান মরোনির দিকে উড়ন্ত চুমু ছুড়ে দেন বারবারা। দর্শকসারিতে বসে থাকা ডিলান তখন উঠে দাঁড়িয়ে স্ত্রীর সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করেন। পাশাপাশি হাততালি দিয়ে তাঁকে উৎসাহও দেন।
শোতে পরে সাদা রঙের অলংকারখচিত করসেট পরেও হাজির হন বারবারা। পোশাকটির সঙ্গে ছিল লম্বা, ঢেউখেলানো স্বচ্ছ ট্রেন এবং তুষারকণার আদলে তৈরি ডানা। দুই ভিন্ন সাজেই র্যাম্পে নজর কাড়েন তিনি।
‘ইউএসএ টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্যাশন শোতে ফিরতে পেরে আনন্দ প্রকাশ করেন বারবারা। এ সময় পরিবার ও বন্ধুদের সহযোগিতার কথাও তুলে ধরেন তিনি।
বারবারা বলেন, ‘ফিরে আসতে পেরে আমি ভীষণ কৃতজ্ঞ। মা-বাবা, পরিবার ও বন্ধুদের সহযোগিতা ছাড়া এখানে আসতে পারতাম না। তারা আমাকে অনেক সাহায্য করেছেন।’
সন্তান জন্মের ছয় সপ্তাহের মধ্যেই র্যাম্পে ফেরার বিষয়েও কথা বলেছেন এই সুপারমডেল। ‘পেজ সিক্স’কে তিনি বলেন, ‘আমি সবাইকে বলি, এটা স্বাভাবিক। মাতৃত্বকালীন ছুটি ছয় থেকে আট সপ্তাহের। আগামীকাল আমার ছয় সপ্তাহ পূর্ণ হবে। তাই আমি অন্য সবার মতোই করছি। আর আমাকে তো শুধু একটা র্যাম্প ধরে হেঁটে যেতে হবে!’
সন্তান জন্মের পর দ্রুত কাজে ফেরার কারণে বারবারার প্রত্যাবর্তন যেমন আলোচনায় এসেছে, তেমনি র্যাম্পের পাশে ডিলান স্প্রাউসের উচ্ছ্বাসও ভক্তদের নজর কেড়েছে।