পাঁচ মাস পর রাজের সঙ্গে শুভশ্রীর ছবি, সামাজিক মাধ্যমে শুরু আলোচনা

টালিউডের তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী। নির্মাতা রাজ এবং অভিনেত্রী শুভশ্রী দুই সন্তানকে নিয়ে সংসার করছেন। সম্প্রতি শুভশ্রীর নতুন সিনেমা ‘দেশু ৭’ ঘিরে অভিনেতা দেবের সঙ্গে তাঁর উপস্থিতি ও ঘনিষ্ঠতা নিয়ে নানা আলোচনা হয়। এর মধ্যেই দীর্ঘ পাঁচ মাস পর স্বামী রাজ ও সন্তানদের সঙ্গে ছবি প্রকাশ করেছেন শুভশ্রী।
সোমবার (১৯ অক্টোবর) ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন শুভশ্রী। ছবিগুলোতে রাজ চক্রবর্তী ও তাঁদের দুই সন্তানকে নিয়ে দুর্গাপূজা উদযাপনের মুহূর্ত দেখা যায়। পূজামণ্ডপে পরিবারের সঙ্গে সময় কাটানোর সেই ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়ে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমার ছোট্ট একটা পৃথিবী।’
শুভশ্রীর সাবেক প্রেমিক দেবের সঙ্গে সম্প্রতি ‘দেশু ৭’ সিনেমায় জুটি বেঁধেছেন তিনি। পূজায় মুক্তি পাওয়া সিনেমাটির প্রচারে দুজনকে একসঙ্গে দেখা গেছে। সিনেমার প্রচারণার বাইরে তাঁদের সম্পর্ক নিয়েও সামাজিক মাধ্যমে নানা আলোচনা ছড়িয়ে পড়ে। এমনকি রাজের সঙ্গে শুভশ্রীর সম্পর্ক নিয়েও কেউ কেউ প্রশ্ন তোলেন।
তবে এবার স্বামী ও সন্তানদের সঙ্গে ছবি প্রকাশ করে নিজের পারিবারিক মুহূর্ত সামনে আনলেন শুভশ্রী। প্রায় পাঁচ মাস পর রাজের সঙ্গে তাঁর ছবি প্রকাশের বিষয়টি নিয়েও সামাজিক মাধ্যমে মন্তব্য করছেন অনেকে।

এক অনুসারী মন্তব্য করেছেন, ‘অনেকদিন পর সান্ত্বনামূলক পোস্ট!’ আরেকজন লিখেছেন, ‘ছবি শেষ, এদের কাহিনিও শেষ। এখন ফ্যামিলি কাহিনি শুরু।’ অন্য এক অনুসারী মন্তব্য করেছেন, ‘আজ সবচেয়ে বেশি খুশি রুক্মিণী।’
টালিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে দেবের দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে আলোচনা রয়েছে। শুভশ্রীর সঙ্গে দেবের নতুন সিনেমা ও প্রচারণাকে কেন্দ্র করেও রুক্মিণীকে ঘিরে সামাজিক মাধ্যমে নানা মন্তব্য দেখা গেছে।