সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকাতেই বহাল সাব-রেজিস্ট্রার মাইকেল, হাজার কোটি টাকার সম্পদের অভিযোগ ইতালিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ-ভাঙচুর, গ্রেপ্তার ১৯৭ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় ঘাটতি ছিল কি না, তদন্ত চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি নিরাপত্তা ও বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারের নতুন উদ্যোগ শান্তি আলোচনার স্বার্থেই রাশিয়ার নিষেধাজ্ঞা স্থগিত: ট্রাম্প নিজের সন্তানের ভবিষ্যতের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী শুষ্ক মৌসুমে আগুনের ঝুঁকি, ফায়ার সার্ভিসের ১৩ নির্দেশনা অনলাইনে ব্যবসার লাইসেন্স, মেয়াদ বাড়ছে ৩ থেকে ৫ বছর: বাণিজ্যমন্ত্রী দেশে হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন ইশরাক হোসেন
  • ফরজের পর একই স্থানে সুন্নত নামাজ পড়া যাবে?

    ফরজের পর একই স্থানে সুন্নত নামাজ পড়া যাবে?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সঙ্গে ফরজের আগে-পরে ১২ রাকাত সুন্নতে মুয়াক্কাদা আদায়ের বিশেষ গুরুত্ব রয়েছে। ফরজ নামাজে কোনো ঘাটতি থাকলে কিয়ামতের দিন নফল নামাজের মাধ্যমে সেই ঘাটতি পূরণের সুযোগ থাকবে বলে হাদিসে উল্লেখ করা হয়েছে। তবে ফরজ নামাজ আদায়ের পর একই স্থানে সুন্নত বা নফল নামাজ পড়ার চেয়ে স্থান পরিবর্তন করে নামাজ আদায় করাকে উত্তম বলেছেন আলেমরা।

    শরিয়তের পরিভাষায় সুন্নত হলো এমন আমল, যা রাসুলুল্লাহ (সা.) নিয়মিত পালন করেছেন এবং যা ফরজ বা ওয়াজিবের মতো অপরিহার্য নয়। ইসলামে সুন্নত নামাজের গুরুত্ব অপরিসীম। এসব নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি ফরজ ইবাদতের ঘাটতি পূরণের সুযোগ পেতে পারে।

    নামাজের গুরুত্ব সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব সঠিক হলে সে সফল হবে। আর নামাজের হিসাব যথাযথ না হলে সে ক্ষতিগ্রস্ত হবে।

    হাদিসে আরও বর্ণিত হয়েছে, ফরজ নামাজের হিসাবে কোনো ঘাটতি পাওয়া গেলে আল্লাহ তাআলা ফেরেশতাদের নফল নামাজের বিষয়ে খোঁজ নিতে বলবেন। বান্দার নফল নামাজ থাকলে তা দিয়ে ফরজ নামাজের ঘাটতি পূরণ করা হবে। এরপর অন্যান্য আমলের হিসাব নেওয়া হবে। (সুনানে আবু দাউদ, হাদিস: ৭৭০)

    ফরজের পর স্থান পরিবর্তন করা উত্তম

    ফরজ নামাজ শেষ করার পর সম্ভব হলে কিছুটা সরে গিয়ে সুন্নত বা নফল নামাজ আদায় করা উত্তম। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) ও আবদুল্লাহ ইবনে উমর (রা.)-সহ সাহাবিদের সূত্রে বর্ণিত হয়েছে, যে স্থানে ফরজ নামাজ আদায় করা হয়েছে, স্থান পরিবর্তন না করা পর্যন্ত সেখানে নফল নামাজ আদায় না করার নির্দেশনা রয়েছে। (মুসান্নাফে ইবনে আবি শাইবা)

    তবে ফরজ নামাজের স্থানেই সুন্নত বা নফল নামাজ আদায় করা নিষিদ্ধ নয়। এ বিষয়ে আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-কে এমন এক ব্যক্তির সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, যিনি ফরজ নামাজের একই স্থানে নফল নামাজ আদায় করেন। উত্তরে তিনি বলেন, এতে কোনো অসুবিধা নেই। (মুসান্নাফে ইবনে আবি শাইবা)

    ইসলামি আইনশাস্ত্রের গ্রন্থে ফকিহ ইবনে আবেদীন (রহ.) উল্লেখ করেছেন, ইমামের পেছনে নামাজ আদায়কারী মুসল্লি কিংবা একাকী নামাজ আদায়কারী ব্যক্তি ফরজ নামাজের স্থানেই নফল নামাজ পড়লে তা জায়েজ। তবে অন্য স্থানে গিয়ে নফল নামাজ আদায় করা উত্তম।

    সুতরাং, ফরজ নামাজের পর সুন্নত আদায়ের জন্য সম্ভব হলে স্থান পরিবর্তন করা ভালো। তবে পরিস্থিতির কারণে একই স্থানে সুন্নত নামাজ আদায় করতে হলেও তাতে কোনো বাধা নেই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ