প্রয়োজনীয় কিছু হারিয়ে গেলে যে আমল ও দোয়া করতে পারেন

প্রয়োজনীয় কোনো জিনিস হারিয়ে গেলে অনেকেই দুশ্চিন্তা ও অস্থিরতায় ভুগতে থাকেন। এমন পরিস্থিতিতে বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করা, আল্লাহর ওপর ভরসা রাখা এবং তাঁর কাছে সাহায্য চাওয়া একজন মুমিনের কর্তব্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।’ (সুরা বাকারা, আয়াত: ৪৫)
বিপদ-আপদ ও পেরেশানির সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.) নামাজ আদায় করতেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইতেন। তাই কোনো কিছু হারিয়ে গেলে দুশ্চিন্তায় ভেঙে না পড়ে আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে।
হারানো জিনিস ফিরে পাওয়ার দোয়া
সাহাবি আবদুল্লাহ ইবনে উমর (রা.)-এর নামে বর্ণিত একটি দোয়ায় হারানো জিনিস ফিরে পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার কথা উল্লেখ রয়েছে। বর্ণনা অনুযায়ী, কোনো কিছু হারিয়ে গেলে উত্তমভাবে অজু করে দুই রাকাত নফল নামাজ আদায় করার পর তাশাহুদ (আত্তাহিয়্যাতু) পড়ে এই দোয়া করা হয়।
আরবি:
يَا هَادِيَ الضَّالِّ، وَرَادَّ الضَّالَّةِ ارْدُدْ عَلَيَّ ضَالَّتِي بِعِزَّتِكَ وَسُلْطَانِكَ فَإِنَّهَا مِنْ عَطَائِكَ وَفَضْلِكَ
উচ্চারণ: ইয়া হাদিয়াজ জাল্লি, ওয়া রাদ্দাজ জাল্লাতি, উরদুদ আলাইয়া জাল্লাতি, বি ইজ্জাতিকা ওয়া সুলতানিকা, ফা ইন্নাহা মিন আতা-ইকা ওয়া ফাজলিকা।
অর্থ: হে পথহারাদের পথপ্রদর্শক, হে হারানো বস্তু ফিরিয়ে দানকারী! আপনার সম্মান ও ক্ষমতার উসিলায় প্রার্থনা করছি, আপনি আমার হারানো জিনিসটি ফিরিয়ে দিন। নিশ্চয়ই এটি আপনার দান ও অনুগ্রহ।
বিপদে পড়লে যে দোয়া পড়বেন
হারানো জিনিসের কারণে কষ্ট বা বিপদে পড়লেও আল্লাহর কাছে উত্তম প্রতিদান ও তার চেয়ে ভালো কিছু চেয়ে দোয়া করা যায়। এ ক্ষেত্রে নিচের দোয়াটি পড়তে পারেন।
আরবি:
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ ۞ اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا
উচ্চারণ: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, ওয়া আখলিফ লি খাইরাম মিনহা।
অর্থ: নিশ্চয়ই আমরা আল্লাহরই জন্য এবং তাঁর কাছেই ফিরে যাব। হে আল্লাহ, আমার এ বিপদে আমাকে প্রতিদান দিন এবং এর পরিবর্তে আমাকে এর চেয়ে উত্তম কিছু দান করুন।
কোনো কিছু হারিয়ে গেলে দোয়া করার পাশাপাশি ধৈর্য ধরে সম্ভাব্য জায়গাগুলোতে খোঁজ করা এবং প্রয়োজনীয় বাস্তব পদক্ষেপ নেওয়াও জরুরি। দোয়া আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম; কোনো নির্দিষ্ট দোয়া পড়লেই হারানো জিনিস নিশ্চিতভাবে ফিরে আসবে—এমন নিশ্চয়তা দেওয়া যায় না।