ঘুম থেকে উঠে যে দোয়া পড়তেন মহানবী (সা.)

ঘুম আল্লাহর এক বিশেষ নেয়ামত। সারাদিনের ক্লান্তি ও অবসাদ দূর করে শরীর ও মনকে সতেজ করে ঘুম। ইসলামে ঘুমানো ও ঘুম থেকে জাগার ক্ষেত্রেও রয়েছে কিছু সুন্নত ও দোয়া। মহানবী হজরত মুহাম্মদ (সা.) ঘুম থেকে উঠে আল্লাহর প্রশংসা করতেন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন।
পবিত্র কোরআনে মহানবী (সা.)-এর চরিত্রের প্রশংসা করে আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী।’ (সুরা আল-কলম, আয়াত: ৪)
রাসুলুল্লাহ (সা.) মানুষের দৈনন্দিন জীবনের নানা বিষয়ে শিক্ষা দিয়েছেন। খাবার গ্রহণ, পবিত্রতা রক্ষা, ঘুমানো এবং ঘুম থেকে ওঠার নিয়মও তাঁর সুন্নতের অন্তর্ভুক্ত। এসব আমল অনুসরণের মাধ্যমে একজন মুসলমান দৈনন্দিন জীবনেও আল্লাহর স্মরণে থাকতে পারেন।
ঘুম থেকে উঠে পড়ার দোয়া
ঘুম থেকে জেগে ওঠার পর মহানবী (সা.) যে দোয়া পড়তেন, তা হলো—
আরবি:
الْحَمْدُ لِلَّهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا، وَإِلَيْهِ النُّشُوْرُ
উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাজি আহইয়ানা বা‘দা মা আমাতানা, ওয়া ইলাইহিন নুশুর।
অর্থ: সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত্যুর মতো ঘুমের পর জীবিত করেছেন। আর তাঁর কাছেই পুনরুত্থান।
(সহিহ বুখারি, হাদিস: ৬৩২৪)
এই দোয়ার মাধ্যমে ঘুম থেকে জেগে ওঠার পর নতুন দিনের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে স্মরণ করা হয়, মৃত্যুর পর মানুষকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে।
রাতের ঘুম থেকে জেগে আরেকটি দোয়া
হাদিসে রাতে ঘুম থেকে জেগে আল্লাহর জিকির করার বিশেষ ফজিলতের কথা এসেছে। এ সময় নিচের দোয়াটিও পড়া যায়—
আরবি:
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির। সুবহানাল্লাহি, ওয়ালহামদু লিল্লাহি, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
অর্থ: আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তিনি এক, তাঁর কোনো শরিক নেই। রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁরই। তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান। আল্লাহ পবিত্র, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আল্লাহ সর্বশ্রেষ্ঠ। মহান ও সুউচ্চ আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই।
হাদিসে এসেছে, রাতে ঘুম থেকে জেগে এ ধরনের জিকির করার পর কেউ আল্লাহর কাছে দোয়া করলে তার দোয়া কবুল হওয়ার সুসংবাদ রয়েছে। এরপর অজু করে নামাজ আদায় করার কথাও হাদিসে উল্লেখ করা হয়েছে।