এশিয়ান গেমসে বড় হার, তবু ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোল বাংলাদেশ

এশিয়ান গেমসে হতাশাজনক পারফরম্যান্সের পরও ফিফা নারী ফুটবল র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে ঋতুপর্ণা চাকমাদের অবস্থান ১০৭ থেকে উন্নীত হয়ে ১০৬ নম্বরে উঠেছে।
সম্প্রতি এশিয়ান গেমসে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হারে বাংলাদেশ। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-০ গোলে পরাজিত হয় দলটি। দুই ম্যাচে মোট ১৬ গোল হজম করলেও বাংলাদেশের র্যাঙ্কিং পয়েন্ট কমেছে সামান্য—যথাক্রমে ০.০৬ ও ০.২৮।
এর কারণ, র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও দুই প্রতিপক্ষের মধ্যে ব্যবধান ছিল প্রায় ১০০ ধাপ। ফলে বড় ব্যবধানে হারলেও বাংলাদেশের পয়েন্টে বড় প্রভাব পড়েনি।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। ওই ম্যাচ থেকে ৪.৬৪ পয়েন্ট যোগ হওয়ায় বাংলাদেশের মোট র্যাঙ্কিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৭৫.৩৫-এ। এই পয়েন্ট বৃদ্ধিই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এক ধাপ উন্নতিতে ভূমিকা রেখেছে।
গত বছর মিয়ানমারকে হারিয়েই প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ। ওই সময়ের র্যাঙ্কিং আপডেটে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতিও নজর কেড়েছিল।
এদিকে বাংলাদেশের সঙ্গে ড্র করে র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে মিয়ানমার। দলটির অবস্থান ৫৫ থেকে নেমে ৫৬ নম্বরে এসেছে। বাংলাদেশের চেয়ে প্রায় ৫০ ধাপ এগিয়ে থাকা মিয়ানমার এই ম্যাচে পয়েন্ট হারিয়েছে ৫.৫৪।