মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দুর্গাপূজার মন্দির পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী এশিয়ান গেমসে বড় হার, তবু ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোল বাংলাদেশ কুমিল্লায় পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাহার চান ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের শিক্ষার্থীরা হাড়ক্ষয় রোগের ঝুঁকি কমাতে দেশজুড়ে সচেতনতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান সফরে তারেক রহমান, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব ফ্রান্সে বিক্ষোভ-লুটপাট, চুরি হলো মেসির স্বাক্ষর করা জার্সি ও আর্মব্যান্ড আরব আমিরাতেহাটহাজারী সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রতিমন্ত্রী পদ থেকে ইশরাকের পদত্যাগ গ্রহণ করলেন রাষ্ট্রপতি নাক্রাইপাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দেশের উন্নয়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • আর্জেন্টিনা ম্যাচে সমালোচনা করায় শাস্তি পেলেন মিসরের কোচ ও ফুটবলার

    আর্জেন্টিনা ম্যাচে সমালোচনা করায় শাস্তি পেলেন মিসরের কোচ ও ফুটবলার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে রেফারিং নিয়ে সমালোচনা করায় শাস্তি পেয়েছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান ও উইঙ্গার মোস্তফা জিকো। হোসামকে তিন ম্যাচ এবং জিকোকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। দলের পরিচালক ইব্রাহিম হাসানও পেয়েছেন তিন ম্যাচের নিষেধাজ্ঞা।

    সোমবার মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) এই শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, ফিফার শৃঙ্খলা কমিটির কাছে সিদ্ধান্তের বিস্তারিত কারণ জানতে চেয়েছে তারা। আইনি অবস্থান পর্যালোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইএফএ।

    ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ২ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে যায় মিসর। ম্যাচে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মিসরের খেলোয়াড় ও কর্মকর্তারা। পরে তাঁদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে শাস্তিমূলক ব্যবস্থা নেয় ফিফা।

    এই নিষেধাজ্ঞার কারণে আগামী নভেম্বরে ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে মালাউইয়ের বিপক্ষে দুই ম্যাচে দলের সঙ্গে থাকতে পারবেন না হোসাম ও ইব্রাহিম হাসান। আগামী বছরের মার্চে অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচেও দায়িত্ব পালন করতে পারবেন না তাঁরা।

    জিকোর নিষেধাজ্ঞা আরও দীর্ঘ। আগামী জুন পর্যন্ত মিসরের হয়ে মাঠে নামতে পারবেন না এই উইঙ্গার। ফলে আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে মিসরের বাকি চার ম্যাচসহ আরও একটি আন্তর্জাতিক ম্যাচে তাঁকে পাবে না দল।

    আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন হোসাম। তাঁর অভিযোগ ছিল, রেফারির ভুল সিদ্ধান্ত মিসরের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পেছনে ভূমিকা রেখেছে। অন্যদিকে, ম্যাচের পর এক সাক্ষাৎকারে রেফারিকে অপমান করার অভিযোগ ওঠে জিকোর বিরুদ্ধে।

    ম্যাচে জিকোর একটি গোল বাতিল হয়েছিল আক্রমণের আগে ফাউলের কারণে। পরে ২-২ সমতায় থাকা অবস্থায় পেনাল্টির আবেদন করেও সাড়া পাননি মিসরের খেলোয়াড়েরা। শেষ দিকে গোল করে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

    মিসরের প্রতিনিধিরা প্রতিযোগিতায় বাণিজ্যিক স্বার্থের প্রভাব নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এসব মন্তব্যের পর গত আগস্টে তিনজনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করে ফিফা।

    ইএফএ জানিয়েছে, শাস্তির বিস্তারিত কারণ জানার পর সিদ্ধান্তগুলোর আইনি দিক পর্যালোচনা করবে তারা। এরপর প্রযোজ্য নিয়ম অনুযায়ী আপিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ