রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম

নিম্ন আয়ের মানুষের জন্য ৫৮ এলাকায় এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা

নিম্ন আয়ের মানুষের জন্য ৫৮ এলাকায় এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নিম্ন আয়ের মানুষের জন্য রাজধানীর কড়াইল বস্তিসহ দেশের ৫৮টি এলাকায় সরকারি ও বেসরকারি অংশীদারত্বে এক লাখ সাশ্রয়ী আবাসিক ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে সরকার।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এ তথ্য তুলে ধরেন। তিনি জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) ২০২২–২০৩৫ অনুযায়ী নিম্ন আয়ের মানুষের আবাসন নিশ্চিত করতে এসব এলাকা চিহ্নিত করা হয়েছে।

মন্ত্রী বলেন, গাজীপুরের টঙ্গীর দত্তপাড়ায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মালিকানাধীন ৯৮ একর জমিতে পর্যায়ক্রমে স্বল্প ও সীমিত আয়ের মানুষের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, উন্নয়ন সহযোগী সংস্থার আর্থিক সহায়তায় রাজশাহী, দিনাজপুর, বরিশাল, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ সিটিসহ বিভিন্ন পৌর এলাকার ৩৭টি বস্তিতে উন্নত আবাসন নিশ্চিত করতে একটি প্রকল্প প্রণয়নের কাজ চলছে।

এ ছাড়া রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ পদ্মা আবাসিক এলাকায় ১৬টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ হরিণটানা এলাকায় প্রায় আট একর জমিতে স্বল্প আয়ের মানুষের জন্য আবাসন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন সল্টগোলা এলাকায় প্রায় ৮৩ কাঠা জমিতে মাসিক ভাড়াভিত্তিক আবাসিক সুবিধা গড়ে তুলতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) অথবা স্ব-অর্থায়নে একটি প্রকল্পও বিবেচনায় রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন