রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব দিলেন এমপি

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব দিলেন এমপি
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মানুষের কাছে থাকা বিপুল পরিমাণ নগদ অর্থ আবারও ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনতে ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব দিয়েছেন বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন।

রোববার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।

তিনি বলেন, বর্তমানে অনেক মানুষ ব্যাংকের প্রতি আস্থার সংকটের কারণে নগদ অর্থ ব্যাংকে না রেখে নিজ নিজ বাসায় সংরক্ষণ করছেন। পাশাপাশি অতীতে অর্থ পাচার বা অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছেও বিপুল পরিমাণ নগদ অর্থ ব্যাংকিং ব্যবস্থার বাইরে রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

মাহবুব উদ্দিন খোকনের মতে, সরকার যদি ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিল করে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংকে জমা দেওয়ার সুযোগ দেয়, তাহলে ব্যাংকিং খাতে তারল্য বাড়বে এবং অর্থনীতি আরও গতিশীল হবে।

তিনি আরও প্রস্তাব দেন, যেসব অর্থ আয়কর নথিতে নেই, সেগুলো নির্ধারিত হারে কর পরিশোধের মাধ্যমে বৈধ করার সুযোগ দেওয়া যেতে পারে। এতে সরকারের রাজস্ব আয় বাড়বে, বাজেট ঘাটতি কমবে এবং উৎপাদন ও বিনিয়োগমুখী খাতে অর্থ প্রবাহ বৃদ্ধি পাবে।

সংসদ সদস্য বলেন, দেশের ব্যাংকিং খাতে সংস্কার অত্যন্ত প্রয়োজন। প্রয়োজনের তুলনায় দেশে ব্যাংকের সংখ্যা বেশি হওয়ায় খাতটি আরও কার্যকর ও টেকসই করতে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া উচিত। একই সঙ্গে আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

অর্থ পাচার প্রসঙ্গে তিনি বলেন, বিদেশে চলে যাওয়া অর্থ ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন। তাই এমন অর্থনৈতিক পরিবেশ তৈরি করতে হবে, যেখানে বিনিয়োগকারীরা দেশের ভেতরেই বিনিয়োগে আগ্রহী হবেন। এজন্য শুধু আইন নয়, আর্থিক ব্যবস্থার সার্বিক সংস্কার প্রয়োজন।

বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, কর্মসংস্থান এবং যুব বেকারত্বকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। তার মতে, তরুণদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা না গেলে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা কঠিন হবে।

তিনি আরও বলেন, ঘাটতি বাজেট কোনো অস্বাভাবিক বিষয় নয়। বিশ্বের অনেক দেশই ঘাটতি বাজেটের মাধ্যমে অর্থনীতি পরিচালনা করে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকার যে বাজেট প্রণয়ন করেছে, তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন