রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম

প্রস্তাবিত বাজেটকে ‘ঐতিহাসিক’ বললেন আমান উল্লাহ আমান

প্রস্তাবিত বাজেটকে ‘ঐতিহাসিক’ বললেন আমান উল্লাহ আমান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্মরণকালের অন্যতম মানবিক ও দরিদ্রবান্ধব বাজেট হিসেবে উল্লেখ করেছেন সরকারি দলের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। তার মতে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যে জনকল্যাণমূলক পদক্ষেপের কারণে এ বাজেট বিশেষ গুরুত্ব বহন করছে।

রোববার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আমান উল্লাহ আমান বলেন, ১৯৯১ সাল থেকে তিনি বহু বাজেট দেখেছেন। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর উপস্থাপিত এবারের বাজেটকে তিনি ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী বলে মনে করেন।

শিক্ষা খাতে এক লাখ ৩৬ হাজার কোটি টাকার বরাদ্দের প্রশংসা করে তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য ব্যাগ, জুতা, পোশাক ও মধ্যাহ্নভোজের মতো উদ্যোগ উন্নত দেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং তা দেশের শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

তিনি আরও বলেন, চাল, ডাল, আটা, তেল ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর কমানোর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমবে। পাশাপাশি স্বাস্থ্য খাতে হার্টের রিংয়ের মূল্য কমানোসহ বিভিন্ন উদ্যোগকে তিনি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

বক্তব্যে কৃষি খাতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্তেরও প্রশংসা করেন তিনি।

এ সময় অতীত সরকারের সমালোচনা করে আমান উল্লাহ আমান দাবি করেন, দীর্ঘদিন স্বাস্থ্য ও শিক্ষা খাত অবহেলিত ছিল। বর্তমান সরকার এসব খাতে উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে বলেও মন্তব্য করেন।

সবশেষে তিনি বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলের ১৭ কিলোমিটার খাল পুনঃসংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন