ডিগ্রির সাময়িক সনদ ও ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু, যা জানাল জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি (পাস) ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাময়িক সনদ ও অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু হয়েছে। সোমবার (২৯ জুন) থেকে শুরু হওয়া এ কার্যক্রম আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কলেজগুলোকে তাদের অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে নির্ধারিত আঞ্চলিক কেন্দ্র অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের সনদ ও ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করতে হবে।
বিভিন্ন জেলার জন্য আলাদা বিতরণ কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা ও নড়াইল জেলার কলেজগুলো খুলনা আঞ্চলিক কেন্দ্র থেকে সনদ সংগ্রহ করবে। রাজশাহী, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলার মান্দা উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নির্ধারিত হয়েছে রাজশাহী আঞ্চলিক কেন্দ্র।
রংপুর বিভাগের অধিকাংশ জেলা এবং গাইবান্ধার নির্ধারিত উপজেলার কলেজগুলো রংপুর আঞ্চলিক কেন্দ্র থেকে প্রয়োজনীয় নথিপত্র গ্রহণ করবে। একইভাবে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলার কলেজগুলোর জন্য নির্ধারণ করা হয়েছে চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র।
অন্যদিকে, ঢাকা বিভাগ, ঢাকা মহানগর, গাজীপুর, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার কলেজগুলো গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস থেকে সনদ ও ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করবে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, কিশোরগঞ্জের ভৈরব এবং নরসিংদীর রায়পুরা উপজেলার কলেজগুলোকেও মূল ক্যাম্পাস থেকে নথিপত্র সংগ্রহের সুযোগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, বিতরণকৃত সনদ বা ট্রান্সক্রিপ্টে কোনো ধরনের ভুল বা অসঙ্গতি থাকলে তা দ্রুত সংশোধনের জন্য জানাতে হবে। এ ক্ষেত্রে বিতরণ কার্যক্রম শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে, অর্থাৎ আগামী ৩০ আগস্টের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে লিখিতভাবে অভিযোগ জানাতে হবে। নির্ধারিত সময়ের পর এ বিষয়ে কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।