বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন চিকিৎসক দম্পতি সুষমা-কুশল

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত চিকিৎসক দম্পতি ডা. সুষমা রেজা ও ডা. সায়েদুল আশরাফ কুশল তাদের প্রায় ২০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন। পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ডা. সুষমা রেজা।
শনিবার (২৮ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। সেখানে তিনি লিখেছেন, দীর্ঘ চিন্তাভাবনা ও আত্মসমালোচনার পর দুজন মিলে বৈবাহিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং বিষয়টি সবার কাছে নিজেরাই জানাতে চেয়েছেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, দীর্ঘ এই পথচলায় তারা একটি পরিবার গড়ে তুলেছেন, সন্তানদের বড় হতে দেখেছেন এবং জীবনের নানা সুখ-দুঃখ, সংগ্রাম ও অর্জনের অংশীদার হয়েছেন। সেই স্মৃতিগুলো সবসময়ই তাদের জীবনের মূল্যবান অংশ হয়ে থাকবে।
ডা. সুষমা জানান, সময়ের সঙ্গে দুজনের ব্যক্তিগত ও সম্পর্কগত পরিবর্তনের কারণে তারা উপলব্ধি করেছেন, শান্তিপূর্ণভাবে আলাদা হয়ে যাওয়াই তাদের জন্য সবচেয়ে সম্মানজনক সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের জীবনের যেসব মুহূর্ত মানুষ দেখেছেন, সেগুলো কোনো আদর্শ সম্পর্কের ছবি তুলে ধরার জন্য নয়; বরং বাস্তব জীবনের কিছু আন্তরিক মুহূর্ত ছিল, যা তারা সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।
পোস্টে পরিবার, বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি অনুরোধ জানান, এ ব্যক্তিগত সিদ্ধান্তকে ঘিরে যেন অপ্রয়োজনীয় গুজব, অনুমান বা বিচার-বিশ্লেষণ না করা হয়। বিশেষ করে তাদের সন্তান ও পরিবারের অন্য সদস্যদের বিষয়টি বিবেচনায় রেখে সংবেদনশীল আচরণের আহ্বান জানান।
সবশেষে ডা. সুষমা রেজা লেখেন, প্রায় দুই দশকের এই অধ্যায়ের সমাপ্তি হলেও তারা পরস্পরের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা বজায় রাখবেন। একই সঙ্গে সবাইকে নিজের পরিবারের জন্য সময় দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জীবনের সাধারণ মুহূর্তগুলোই একসময় সবচেয়ে মূল্যবান স্মৃতিতে পরিণত হয়।