সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আসনটিতে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় আইনগত প্রক্রিয়া শেষে তাঁর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ তৈরি হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মঈন উদ্দিন খান মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এই আসনে অন্য কোনো রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। ফলে এলিজা জামানই একমাত্র প্রার্থী হিসেবে রয়েছেন। তবে নির্ধারিত আইনগত প্রক্রিয়া ও আপিল নিষ্পত্তির সময়সীমা শেষ হওয়ার পর প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় অতিক্রান্ত হলে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
এর আগে রাজধানীর মিরপুরে রেস্তোরাঁয় ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
দলীয় সিদ্ধান্তে সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পান দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক এলিজা জামান।