আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত স্পারসোর প্রধান কার্যালয়ে গিয়ে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী স্পারসোর বিভিন্ন বিভাগে চলমান গবেষণা, প্রযুক্তিগত উন্নয়ন এবং উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম স্পারসোর বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং গবেষণার বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। পরে বিভিন্ন বিভাগের কর্মকর্তারাও নিজ নিজ প্রকল্প, গবেষণা এবং প্রযুক্তিগত অগ্রগতির বিষয়ে উপস্থাপনা দেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মহাকাশ গবেষণা, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন সক্ষমতা আরও শক্তিশালী করতে স্পারসোকে আধুনিক ও সময়োপযোগী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। তিনি সংশ্লিষ্টদের গবেষণার মানোন্নয়ন, দক্ষ জনবল গড়ে তোলা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও নির্দেশনা দেন, স্পারসোকে এমন একটি স্বনির্ভর গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করতে হবে, যা জাতীয় নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, পরিবেশ পর্যবেক্ষণ এবং দেশের সামগ্রিক উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং রিমোট সেন্সিং বা দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও বাস্তব প্রয়োগে কাজ করা জাতীয় প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।