মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান

সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইরান। তেহরানের দাবি, তাদের উপকূলীয় সামরিক স্থাপনায় চালানো হামলা দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার পরিপন্থী।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘শান্তিচুক্তির প্রকাশ্য লঙ্ঘন’ হিসেবে আখ্যায়িত করেছে।
বিবৃতিতে বলা হয়, ইরানের উপকূলীয় নজরদারি স্থাপনাগুলো লক্ষ্য করে পরিচালিত হামলা যুদ্ধ অবসানে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্তের সঙ্গে সাংঘর্ষিক।
অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী একটি পণ্যবাহী জাহাজে হামলার জবাব হিসেবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনায় অভিযান চালানো হয়েছে।
এদিকে বাহরাইনও অভিযোগ করেছে, শনিবার ভোরে তাদের ভূখণ্ড লক্ষ্য করে ইরান একাধিক ড্রোন হামলা চালিয়েছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনাকে সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ উল্লেখ করে তীব্র নিন্দা জানায়।
বাহরাইনের দাবি, একাধিক ড্রোন ব্যবহার করা হলেও হামলার নির্দিষ্ট স্থান বা লক্ষ্যবস্তুর বিস্তারিত প্রকাশ করা হয়নি। তাদের মতে, এ ধরনের হামলা বেসামরিক মানুষের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আন্তর্জাতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।
এ বিষয়ে ইরানের পক্ষ থেকে বাহরাইনের অভিযোগের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।