দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আরও ৬ শিশুর মৃত্যুতে বাড়ছে আতঙ্ক

দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৩৪ জন আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, দেশে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৫৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯০ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে নিশ্চিত করা হয়েছে। বাকি ৫০৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে।
এছাড়া এখন পর্যন্ত পরীক্ষায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছে ৯ হাজার ১৩৬ জন। আর উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৭৩ হাজার ৩৬২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। শুধু এই বিভাগেই হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ২৫৮ জন এবং আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৮৭৮ জন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই পরিসংখ্যান ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে সংগৃহীত। বিশেষজ্ঞরা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছেন।