দুই ম্যাচে পরাজয়, তবু আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়েছেন জ্যোতি ও তৃষ্ণা

স্কটল্যান্ডে চলমান নারী টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত জয়হীন বাংলাদেশ। টানা দুই ম্যাচে হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও পেসার ফারিহা তৃষ্ণা। তাদের সেই পারফরম্যান্সের প্রতিফলন দেখা গেছে আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে।
মঙ্গলবার (২ জুন) প্রকাশিত আইসিসির সাপ্তাহিক হালনাগাদে ব্যাটারদের তালিকায় চার ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠে এসেছেন জ্যোতি। স্কটল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৪৬ এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ৭৭ রানের দারুণ দুটি ইনিংস তাকে র্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে সহায়তা করেছে।
বাংলাদেশের হয়ে ব্যাটারদের তালিকায় আরও উন্নতি হয়েছে সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তারের। সোবহানা এক ধাপ এগিয়ে ৪৬তম এবং স্বর্ণা দুই ধাপ এগিয়ে ৬০তম স্থানে অবস্থান করছেন।
অন্যদিকে বোলারদের র্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি দেখিয়েছেন ফারিহা তৃষ্ণা। নেদারল্যান্ডসের বিপক্ষে দুই উইকেট শিকারের পুরস্কার হিসেবে তিনি ১৫ ধাপ এগিয়ে ৬২তম স্থানে উঠে এসেছেন। আরেক পেসার মারুফা আক্তার পাঁচ ধাপ এগিয়ে এখন ৭৪তম অবস্থানে রয়েছেন।
বাংলাদেশি বোলারদের মধ্যে এখনও সবার ওপরে আছেন লেগ স্পিনার রাবেয়া খান। আগের অবস্থান ধরে রেখে তিনি রয়েছেন ১৭ নম্বরে।
এদিকে নারী টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে নতুন শীর্ষস্থান দখল করেছেন ইংল্যান্ডের লিনজি স্মিথ। ব্যাটারদের তালিকার শীর্ষ দুই অবস্থানে অপরিবর্তিত রয়েছেন অস্ট্রেলিয়ার জর্জিয়া ভল ও বেথ মুনি।
দলীয় সাফল্য না এলেও ব্যক্তিগত নৈপুণ্যে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার র্যাঙ্কিংয়ে উন্নতি করে ইতিবাচক বার্তা দিয়েছেন। আগামী ম্যাচগুলোতে সেই ধারাবাহিকতা ধরে রেখে দলকে জয় উপহার দেওয়ার লক্ষ্য থাকবে টাইগ্রেসদের।