১০ বদলিতেই বদলে গেল ব্রাজিল, পানামার জালে ৬ গোলের ঝড়

বিশ্বকাপের প্রস্তুতি পর্বে দারুণ এক পারফরম্যান্স উপহার দিল ব্রাজিল। মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে পানামাকে ৬-২ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী বার্তা দিল কার্লো আনচেলত্তির দল। ম্যাচে ব্রাজিলের ছয়টি গোলই এসেছে ছয় ভিন্ন ফুটবলারের পা থেকে।
শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় সেলেসাওদের। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে যায় ব্রাজিল। তবে ১৪ মিনিটে ভাগ্য সহায়তায় সমতায় ফেরে পানামা। প্রতিপক্ষের ফ্রি-কিক থেকে আসা বল ব্রাজিলিয়ান খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ায়।
প্রথমার্ধে ৪-২-৪ ফরমেশনে খেললেও প্রত্যাশিত ছন্দ খুঁজে পায়নি ব্রাজিল। মাঝমাঠে কাসেমিরো ও ব্রুনো গিমারেসকে বেশ চাপ সামলাতে হয়। তবে বিরতির আগে ভিনিসিয়ুসের ক্রস থেকে হেডে গোল করে দলকে আবারও এগিয়ে দেন কাসেমিরো।
বিরতির পর যেন এক নতুন ব্রাজিলকে দেখা যায়। আনচেলত্তি একসঙ্গে ১০ জন খেলোয়াড় পরিবর্তন করে ৪-৩-৩ ফরমেশনে দল সাজান। আর তাতেই ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায়।
দ্বিতীয়ার্ধে রায়ান, লুকাস পাকেতা, ইগর থিয়াগো ও দানিলোর গোলে ব্যবধান বাড়তে থাকে। পানামা একটি গোল শোধ করলেও ব্রাজিলের আক্রমণ থামাতে পারেনি। শেষ পর্যন্ত ৬-২ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তি বলেন, দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স তাকে নতুন কিছু ভাবনার সুযোগ দিয়েছে। দলের ভেতরে প্রতিযোগিতা বাড়ছে, যা বিশ্বকাপের আগে ইতিবাচক দিক বলেই মনে করছেন তিনি।
এদিকে ৪-৩-৩ ফরমেশনে দলের দুর্দান্ত পারফরম্যান্স বিশ্বকাপেও দেখা যাবে কি না, সে প্রশ্নের জবাবে আনচেলত্তি কৌশলী উত্তর দেন। তিনি বলেন, বিশ্বকাপের আগে কিছু রহস্য রেখে দেওয়াই ভালো।
ম্যাচে না খেললেও দর্শকদের বিশেষ আকর্ষণ ছিলেন নেইমার। মাঠে প্রবেশের সময় পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে তাকে অভিবাদন জানায়। চোট কাটিয়ে পুরোপুরি ফিট না হওয়ায় এই প্রস্তুতি ম্যাচে অংশ নেননি ব্রাজিলের তারকা ফুটবলার।
এদিকে ম্যাচ শেষে খেলোয়াড়দের স্বল্প ছুটি দেওয়া হয়েছে। পরে পুরো দল যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ প্রস্তুতির পরবর্তী ধাপে যোগ দেবে। সেখানে ইউরোপীয় ক্লাব ফুটবলের ব্যস্ততা শেষে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলের সঙ্গে যুক্ত হবেন।