মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান, মাঠে র্যাব-পুলিশ-ডিএনসি

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে র্যাব, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডগ স্কোয়াডও অংশ নিয়েছে।
সোমবার (১ জুন) বিকেল পৌনে ৫টার দিকে ক্যাম্পের বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পের বিভিন্ন সেক্টরে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। তিনি জানান, মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে র্যাব, পুলিশ ও ডিএনসির সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
অভিযানে সংশ্লিষ্ট বাহিনীগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করছেন। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।