বাংলাদেশ–সুইজারল্যান্ড অর্থনৈতিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ

দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং বাণিজ্য ও বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ গড়ে তুলতে একমত হয়েছে বাংলাদেশ ও সুইজারল্যান্ড।
মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত রাজনৈতিক পরামর্শের ষষ্ঠ রাউন্ডে উভয় দেশের প্রতিনিধিরা এ বিষয়ে একমত হন। বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম এবং সুইজারল্যান্ডের ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্সের সহকারী পররাষ্ট্র সচিব ও এশিয়া প্যাসিফিক বিভাগের প্রধান রাষ্ট্রদূত মার্কাস লিটনার নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বৈঠকে দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনাময় ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়। বিশেষ করে অর্থনৈতিক অংশীদারত্ব, দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, স্বাস্থ্য খাত, তথ্যপ্রযুক্তি এবং বেসরকারি খাতের সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
উভয়পক্ষই স্বীকার করে যে ক্রমবর্ধমান বাণিজ্য ও সুইস বিনিয়োগ বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি। এ সময় বাংলাদেশ আরও বেশি বাজার সুবিধা নিশ্চিত করা এবং সুইস বিনিয়োগ সম্প্রসারণের ওপর জোর দেয়।
বৈঠকে গণতন্ত্র, মানবাধিকার, বহুপাক্ষিক সহযোগিতা এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের টেকসই ও কার্যকর ভূমিকার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।
এছাড়া জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়। বৈঠকের পর সুইস প্রতিনিধি দল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।