ইউরোপে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ, কমছে বাজার হিস্যা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেনিম পোশাকের বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ। তবে রপ্তানি কমার পাশাপাশি বাজার হিস্যাও হারাচ্ছে দেশের তৈরি পোশাক খাত। বিপরীতে চীন, মিশর ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলো রপ্তানি বাড়িয়ে ইউরোপের বাজারে নিজেদের অবস্থান শক্ত করছে।
ইইউর পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩৪১ কোটি ৫৪ লাখ ২০ হাজার ইউরোর ডেনিম পোশাক আমদানি করেছে ইইউ। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি কমেছে ৩ দশমিক ২৪ শতাংশ।
একই সময়ে বাংলাদেশ থেকে ১০০ কোটি ৬৮ লাখ ৮৮ হাজার ইউরোর ডেনিম পোশাক আমদানি করেছে ইউরোপের দেশগুলো। আগের বছরের একই সময়ের তুলনায় বাংলাদেশের রপ্তানি কমেছে ৫ দশমিক ৪৮ শতাংশ। অর্থাৎ, ইউরোপের সামগ্রিক ডেনিম আমদানি কমার তুলনায় বাংলাদেশ থেকে আমদানি কমেছে বেশি।
এর প্রভাব পড়েছে বাজার হিস্যাতেও। গত বছরের প্রথম নয় মাসে ইইউর ডেনিম বাজারে বাংলাদেশের অংশ ছিল ৩০ দশমিক ১৮ শতাংশ। চলতি বছর তা কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৪৮ শতাংশে।
২০১৭ সালে প্রথমবারের মতো চীনকে পেছনে ফেলে ইইউর বাজারে ডেনিম পোশাক রপ্তানিতে শীর্ষস্থান দখল করে বাংলাদেশ। এরপর থেকে অবস্থানটি ধরে রেখেছে দেশের তৈরি পোশাক খাত।
ইউরোপের বাজারে বাংলাদেশের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। চলতি বছরের প্রথম নয় মাসে দেশটি ৬০ কোটি ৯৭ লাখ ইউরোর ডেনিম পোশাক রপ্তানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় তাদের রপ্তানি কমেছে ৬ দশমিক ৬৩ শতাংশ। বাজারে পাকিস্তানের হিস্যা ১৭ দশমিক ৮৫ শতাংশ।
তৃতীয় অবস্থানে থাকা তুরস্কের রপ্তানি কমেছে ২০ দশমিক ২৭ শতাংশ। দেশটি এ সময়ে ৪৯ কোটি ৮১ লাখ ইউরোর ডেনিম পোশাক রপ্তানি করেছে। চতুর্থ অবস্থানে থাকা তিউনিসিয়ার রপ্তানি ২৪ কোটি ৩৫ লাখ ২০ হাজার ইউরো, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৭৩ শতাংশ কম।
এগিয়েছে অন্য প্রতিযোগীরা
বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও তুরস্কের রপ্তানি কমলেও ইউরোপের বাজারে চীন, মিশর, ভিয়েতনাম ও ভারতের ডেনিম রপ্তানি বেড়েছে।
ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে চীনের ডেনিম রপ্তানি বেড়েছে ২০ দশমিক ২৩ শতাংশ। এ সময়ে দেশটি ২৩ কোটি ৫ লাখ ৪০ হাজার ইউরোর ডেনিম পোশাক রপ্তানি করেছে। ইইউর বাজারে চীনের হিস্যা ৬ দশমিক ৭৫ শতাংশ।
একই সময়ে মিশরের রপ্তানি বেড়েছে ৩৪ দশমিক ৯৭ শতাংশ। দেশটি রপ্তানি করেছে ২২ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ইউরোর ডেনিম পোশাক। ইউরোপের বাজারে মিশরের হিস্যা ৬ দশমিক ৬১ শতাংশ।
অন্যদিকে কম্বোডিয়া ও মরক্কোর রপ্তানি কমেছে যথাক্রমে ৫ দশমিক ৪৯ ও ১০ দশমিক ৬৮ শতাংশ। এ সময়ে কম্বোডিয়া ১৬ কোটি ৯৬ লাখ ১০ হাজার এবং মরক্কো ৭ কোটি ৩৫ লাখ ৪০ হাজার ইউরোর ডেনিম পোশাক রপ্তানি করেছে।
প্রবৃদ্ধির হারে সবচেয়ে এগিয়ে রয়েছে ভিয়েতনাম। দেশটির রপ্তানি বেড়েছে ৩৮ দশমিক ০২ শতাংশ। জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ভিয়েতনাম ৬ কোটি ১৫ লাখ ৭০ হাজার ইউরোর ডেনিম পোশাক রপ্তানি করেছে। একই সময়ে ভারতের রপ্তানি বেড়েছে ২২ দশমিক ৪৯ শতাংশ। দেশটি রপ্তানি করেছে ৩ কোটি ৫১ লাখ ৩০ হাজার ইউরোর ডেনিম পোশাক।
তবে রপ্তানি বৃদ্ধির হার বেশি হলেও চীন, মিশর, ভিয়েতনাম ও ভারতের বাজার হিস্যা বাংলাদেশের তুলনায় এখনো অনেক কম।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ ডেনিম এক্সপার্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, তুরস্ক ও পাকিস্তানের রপ্তানি কমে যাওয়ায় ইউরোপের ডেনিম বাজারে যে বাড়তি সুযোগ তৈরি হয়েছে, বাংলাদেশ তা কাজে লাগাতে পারছে না। বরং ওই দুই দেশের হারানো বাজারের উল্লেখযোগ্য অংশ দখল করছে মিশর ও চীন।
তিনি বলেন, ‘আমরা যদি এই সুযোগ কাজে লাগাতে পারতাম, তাহলে আমাদের রপ্তানি আরও বাড়ত।’
মহিউদ্দিন রুবেলের ভাষ্য, বছরের প্রথম পাঁচ মাসে ক্রয়াদেশ কম থাকলেও পরের চার মাসে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ফলে রপ্তানি কমার হারও কমে আসছে। তবে প্রতিযোগী দেশগুলো বাংলাদেশের তুলনায় বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে।
এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ক্রেতাদের কাছে প্রতিযোগিতামূলক দাম দিতে পারছে না বাংলাদেশের কারখানাগুলো। গ্যাস ও বিদ্যুতের উচ্চমূল্যের পাশাপাশি নানা সংকটে উৎপাদন ব্যয় বেড়েছে। এ ছাড়া পণ্যের বৈচিত্র্যের দিক থেকেও বাংলাদেশ কিছু প্রতিযোগী দেশের তুলনায় পিছিয়ে রয়েছে।
প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আরেকটি কারণ হিসেবে বাণিজ্য চুক্তির বিষয়টি তুলে ধরেন তিনি। মহিউদ্দিন রুবেল বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভিয়েতনামের মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) রয়েছে। ভারতও এ ধরনের চুক্তির চূড়ান্ত পর্যায়ে আছে। ফলে দেশ দুটি থেকে ডেনিম পোশাক কেনার বিষয়ে ক্রেতাদের আগ্রহ বাড়ছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশকে প্রস্তুতি নিতে হবে।
তবে বাংলাদেশের ডেনিম শিল্পের কিছু শক্তিশালী দিকও রয়েছে বলে মনে করেন তিনি। তাঁর ভাষ্য, শুরুতে বেসিক ডেনিম উৎপাদন দিয়ে যাত্রা শুরু হলেও দেশের উদ্যোক্তারা দ্রুত আধুনিক ও ব্যয়বহুল প্রযুক্তির যন্ত্রপাতিতে বিনিয়োগ করেছেন। বর্তমানে দেশে উন্নত প্রযুক্তিতে উচ্চমূল্যের ডেনিম তৈরি হচ্ছে। পাশাপাশি মূল্য সংযোজনের সুযোগ, দক্ষ জনশক্তি ও উৎপাদন সক্ষমতা বাংলাদেশের ডেনিমকে বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করতে সহায়তা করেছে।
সেপ্টেম্বরেও রপ্তানি উল্লেখযোগ্য হারে বাড়েনি
ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসে ইইউর বাজারে ১৪ কোটি ৩১ লাখ ২০ হাজার ইউরোর ডেনিম পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি বেড়েছে মাত্র শূন্য দশমিক ৭০ শতাংশ।
এর আগের মাস আগস্টে বাংলাদেশের রপ্তানি বেড়েছিল ১২ দশমিক ৭১ শতাংশ। ওই মাসে ১৩ কোটি ৪০ লাখ ৮০ হাজার ইউরোর ডেনিম পোশাক রপ্তানি হয়েছিল। একই সময়ে ইইউর সামগ্রিক ডেনিম আমদানিও বেড়েছিল ১১ দশমিক ২৩ শতাংশ।
অর্থাৎ, আগস্টে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেলেও সেপ্টেম্বরে সেই গতি ধরে রাখা যায়নি।
যুক্তরাষ্ট্রের বাজারেও শীর্ষে বাংলাদেশ
ইউরোপের বাইরে একক দেশ হিসেবে বাংলাদেশের ডেনিম পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। সেখানেও রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) দেশটিতে ৬১ কোটি ডলারের ডেনিম পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ডেনিম আমদানি বাজারে বাংলাদেশের হিস্যা প্রায় ২৬ শতাংশ।
এ বাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটি রপ্তানি করেছে ৫৫ কোটি ডলারের ডেনিম পোশাক। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে চীন ও ভিয়েতনাম। দেশ দুটির রপ্তানির পরিমাণ যথাক্রমে ৪৫ কোটি ও ৩৫ কোটি ডলার।