শরিয়াহ ফান্ডের ধরন পরিবর্তনের প্রস্তাবে ৯৯.৯৯ শতাংশ ইউনিটধারীর সম্মতি

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডকে মেয়াদি (ক্লোজড-এন্ড) থেকে বেমেয়াদি (ওপেন-এন্ড) ফান্ডে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফান্ডটির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) উপস্থিত ইউনিটধারীদের ৯৯ দশমিক ৯৯ শতাংশ এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, গত ১৬ নভেম্বর সকাল ১১টায় রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন হলে ফান্ডটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডকে ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে রূপান্তরের প্রস্তাব উত্থাপন করা হয়। উপস্থিত ইউনিটধারীদের মধ্যে ৯৯ দশমিক ৯৯ শতাংশ প্রস্তাবটির পক্ষে সম্মতি জানান। এর মধ্য দিয়ে ফান্ডটির ধরন পরিবর্তনের বিষয়ে ইউনিটধারীদের অনুমোদন পাওয়া গেছে।
তবে এ সিদ্ধান্ত কার্যকর করতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন নিতে হবে। বিএসইসির মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫-এর ৬৩ বিধি অনুযায়ী ফান্ডটিকে বেমেয়াদি কাঠামোয় রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউনিটধারীদের সম্মতি পাওয়া গেলেও কমিশনের অনুমোদন ছাড়া এ রূপান্তর কার্যকর হবে না।
উল্লেখ্য, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ট্রাস্টির দায়িত্বে রয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। অন্যদিকে ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।