আসন্ন বিশ্বকাপে মেসির ফেবারিটদের তালিকায় যেসব দল

কাতারের লুসাইল স্টেডিয়ামে ২০২২ বিশ্বকাপ জয়ের সেই ঐতিহাসিক মুহূর্ত এখনো ফুটবলপ্রেমীদের হৃদয়ে উজ্জ্বল। লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ট্রফি ওঠার দৃশ্য আজও আর্জেন্টিনা সমর্থকদের আবেগে ভাসায়। তবে সময়ের সঙ্গে নতুন করে আলোচনায় এসেছে একটি প্রশ্ন—২০২৬ বিশ্বকাপে কি শিরোপা ধরে রাখতে পারবে আর্জেন্টিনা?
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যে বাড়ছে উত্তেজনা। সমর্থকদের পাশাপাশি ফুটবল তারকারাও নিজেদের মতামত জানাতে শুরু করেছেন আসন্ন টুর্নামেন্ট নিয়ে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি জানিয়েছেন, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার চেয়েও শক্তিশালী কয়েকটি দল অংশ নেবে। আর্জেন্টাইন সাংবাদিক পলো আলভারেজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সম্ভাব্য ফেবারিট দলগুলোর নামও উল্লেখ করেন।
মেসি বিশেষভাবে ফ্রান্সকে অন্যতম শক্তিশালী দল হিসেবে আখ্যা দেন। তার মতে, দলে থাকা বিশ্বমানের খেলোয়াড়দের কারণে ফরাসিরা এবারও শিরোপার বড় দাবিদার। তিনি বলেন, বর্তমানে কয়েকটি দল আর্জেন্টিনার চেয়ে ভালো ছন্দে রয়েছে এবং তারা টুর্নামেন্টে এগিয়ে থাকবে।
এ ছাড়া স্পেন, ব্রাজিল ও পর্তুগালকেও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। মেসির মতে, সাম্প্রতিক সময়ে স্পেনের পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। অন্যদিকে ব্রাজিল কিছুটা কঠিন সময় পার করলেও বিশ্বকাপে তারা সবসময়ই ভয়ংকর প্রতিপক্ষ।
পর্তুগাল সম্পর্কে তিনি বলেন, দলটি এখন অনেক বেশি প্রতিযোগিতামূলক এবং বড় যেকোনো দলের বিপক্ষে লড়াই করার সক্ষমতা রাখে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা অবশ্যই শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে। তবে ফুটবলবিশ্বে জোর আলোচনা রয়েছে, ২০২৬ বিশ্বকাপই হতে পারে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। ফলে এবারের আসর ঘিরে বাড়তি আবেগ ও প্রত্যাশা তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে।