বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর
  • দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তবে কোথাও ঝুঁকির তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

    বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    তিনি বলেন, দুর্গাপূজার নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগ, দপ্তর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে আলোচনা হয়েছে। সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পূজা ফ্রন্ট, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, মহানগর পূজা পরিষদসহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেন্দ্র থেকে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। প্রতিবছরের মতো এবারও পূজার আগে পর্যাপ্ত সময় হাতে রেখে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে।

    এবার দেশের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির পরিবেশও আগের তুলনায় ইতিবাচক বলে সভায় অংশ নেওয়া প্রতিনিধিরা জানিয়েছেন বলে দাবি করেন সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে পূজামণ্ডপে সরকারি অনুদান চার কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে।

    এবার পূজামণ্ডপের সংখ্যাও বেড়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তার দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরগুলোর প্রায় ২৮ হাজার থেকে ৩২ হাজার মণ্ডপের তুলনায় এবার ৩৩ হাজার ৮১০টি মণ্ডপে পূজা হবে। অর্থাৎ প্রায় দেড় হাজার মণ্ডপ বেড়েছে।

    পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনের সময় ব্যবহৃত এনটিএমসির অ্যাপ ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, জেলা পর্যায়ে এ বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত তথ্য পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

    পুলিশ সদর দপ্তর, বিভাগ ও জেলা পর্যায়ে ২৪ ঘণ্টার মনিটরিং টিম থাকবে বলেও জানান তিনি। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপের আশপাশের থানায় স্বেচ্ছাসেবকদের নাম ও ফোন নম্বরের তালিকা দেওয়ার অনুরোধ করা হয়েছে। যাচাই-বাছাইয়ের পর প্রয়োজনীয় পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করা হবে।

    নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। বিদ্যুৎ চলে গেলে বিকল্প হিসেবে জেনারেটর এবং সেটিও অচল হলে চার্জার লাইট রাখার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

    দুর্গাপূজার সরকারি ছুটি তিন দিনে উন্নীত করা হয়েছে বলেও জানান সালাহউদ্দিন আহমেদ। এর সঙ্গে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কার্যত পাঁচ দিনের ছুটি হবে বলে তিনি উল্লেখ করেন।

    ঝুঁকিপূর্ণ মণ্ডপের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা এখনো পর্যন্ত কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্রের খবর পাইনি। তবে সেরকম কিছু থাকলে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ ও সতর্কতা আছে; সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”

    চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক কারবারিদের তালিকা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ বলেও জানান তিনি। এসব তালিকা নিয়মিত হালনাগাদ করা হয় এবং অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

    সালাহউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ৯৯৯-এ অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে, প্রয়োজন হলে গ্রেপ্তার ও মামলা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন