ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রাখা ব্যক্তিদের এবং তাদের ইন্ধনে সিটি করপোরেশনের পরিবহন, সাংবাদিক ও কিছু পুলিশ কর্মকর্তার ওপর হামলা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, নগরবাসী যাতে নির্বিঘ্নে ফুটপাত ব্যবহার করতে পারেন, সে জন্য নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, “আমার প্রিয় নগরবাসীকে নির্বিঘ্নে ফুটপাতে হাঁটা-চলা থেকে যারা বিঘ্নিত করে, নগরবাসীর সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আমরা প্রতিনিয়ত উচ্ছেদ অভিযান পরিচালনা করছি।”
বুধবার মিরপুর ১০ নম্বর মোড় এলাকায় ডিএনসিসির ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে বিদ্যুৎ সংযোগের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় হকার ও ফুটপাতের ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে সিটি করপোরেশনের তিনটি ময়লা পরিবহনকারী গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি ভেকু (এক্সাভেটর) ও পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। এতে এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।