মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বেসরকারি হাসপাতালের লাইসেন্সের মেয়াদ বাড়ল, নবায়ন হবে দুই বছরে

বেসরকারি হাসপাতালের লাইসেন্সের মেয়াদ বাড়ল, নবায়ন হবে দুই বছরে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক ও মেডিক্যাল চেকআপ সেন্টারের লাইসেন্সের মেয়াদ বাড়িয়েছে সরকার। এখন থেকে এসব প্রতিষ্ঠানের লাইসেন্স এক বছরের পরিবর্তে দুই বছরের জন্য দেওয়া ও নবায়ন করা হবে।

সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক ডা. মো. নুরুল ইসলামের সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার নির্দেশনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, নতুন নিয়ম ২০২৬-২৭ অর্থবছর থেকে কার্যকর হবে। অর্থাৎ, সংশ্লিষ্ট বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে দুই বছরের লাইসেন্সের জন্য আবেদন করতে হবে।

লাইসেন্স পেতে যেসব শর্ত মানতে হবে

দুই বছরের ফি একসঙ্গে জমা:
লাইসেন্স গ্রহণ ও নবায়নের ক্ষেত্রে দুই বছরের নির্ধারিত ফি এবং ভ্যাট একসঙ্গে সরকারি কোষাগারে জমা দিতে হবে। এরপর এইচএসএম ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

পরিবেশ ছাড়পত্র বাধ্যতামূলক:
নতুন লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র অথবা পরিবেশ ছাড়পত্র থাকতে হবে।

নারকোটিক লাইসেন্স:
যেসব বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নারকোটিক বা মাদকদ্রব্য ব্যবহার করা হয়, তাদের নতুন লাইসেন্স পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নারকোটিক লাইসেন্স সংগ্রহ করতে হবে।

নিয়মিত তদারকি:
পরিবেশ অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিজ নিজ ক্ষেত্রের হালনাগাদ লাইসেন্স তদারকি করবে।

এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা নিয়মিত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

পরিদর্শনের সময় কোনো ধরনের অনিয়ম বা নির্ধারিত শর্তের ব্যত্যয় পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত বা বাতিল করা হতে পারে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নবায়নের প্রশাসনিক প্রক্রিয়া কিছুটা সহজ হবে। একই সঙ্গে নিয়মিত পরিদর্শন ও তদারকির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর সেবার মান ও অনুমোদনের শর্ত নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন