মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে প্রস্তুতি সভা

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে প্রস্তুতি সভা
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের কেবিনেট কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় নির্বাচন আয়োজনের বিভিন্ন প্রস্তুতি, সংসদ সদস্যদের উপস্থিতি এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা নিয়ে আলোচনা করা হয়।

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সভায় চিফ হুইপ মো. নূরুল ইসলাম, বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং হুইপ মো. জি কে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া ও এ বি এম আশরাফ উদ্দিন নিজান উপস্থিত ছিলেন।

এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সভায় অংশ নেন।

সভায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ব্যবহারের বিষয়টি নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে নির্বাচনের সময় প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা নিশ্চিত করা এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়।

সভায় রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত প্রস্তুতিমূলক সভার কার্যবিবরণীতে প্রয়োজনীয় সংশোধনও নিশ্চিত করা হয়।

এ সময় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রাষ্ট্র কাঠামোর সব ক্ষেত্রে ফ্যাসিবাদমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচন একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান ও রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রাষ্ট্রপতি নির্বাচনে দেশের সাধারণ ভোটাররা সরাসরি ভোট দেওয়ার সুযোগ পান না। জাতীয় সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন