মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভারতে অবস্থানরত দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য ভারতকে দেওয়া হয়েছে এবং তাদেরও দ্রুত দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতের সময় এসব বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

দায়িত্ব গ্রহণের প্রায় দেড় মাস পর প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের এটি ছিল প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও এগিয়ে নিতে একটি উপযুক্ত ও সহায়ক পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের আদালত শেখ হাসিনাকে দণ্ড দিয়েছেন। কিন্তু তিনি ভারতে অবস্থান করে বাংলাদেশের বিচার বিভাগের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও কাঠামোর প্রতি সব দেশের শ্রদ্ধাশীল থাকা প্রয়োজন বলেও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে।

গত ৫ আগস্ট ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত ও দণ্ডিত আওয়ামী লীগ নেতাদের সংবাদ সম্মেলনের সুযোগ দেওয়ার বিষয়েও বাংলাদেশের অসন্তোষের কথা ভারতীয় হাইকমিশনারের কাছে তুলে ধরা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

ড. খলিলুর রহমান বলেন, ভারতের সঙ্গে আলোচনায় বাংলাদেশের উদ্বেগের বিষয়গুলো তারা অনুধাবন করেছে বলে তিনি আশা করছেন। ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কোনোভাবেই দুর্বল বা হেয়প্রতিপন্ন করা না হয়, সে বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকের পর এ বিষয়ে তিনি কিছুটা আশ্বস্ত হয়েছেন বলেও জানান।

শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রসঙ্গও বৈঠকে উঠে আসে। পররাষ্ট্রমন্ত্রী জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য ভারতকে দেওয়া হয়েছে। তারা ভারতে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর জন্যও অনুরোধ জানানো হয়েছে।

এদিকে সীমান্তে হত্যা এবং বাংলাদেশি নাগরিকদের জোরপূর্বক ভারতে ঠেলে দেওয়ার অভিযোগ বা পুশইনের বিষয়েও বৈঠকে সংক্ষেপে আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব বিষয় মূলত কূটনৈতিক ও মন্ত্রী পর্যায়ের আলোচনার আওতাভুক্ত। এর আগে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

অন্যদিকে আসন্ন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর কিংবা সম্মেলনে তাঁর অংশগ্রহণের বিষয়ে বৈঠকে কোনো নীতিগত বা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন