বিদেশি বিনিয়োগে সরকার সব ধরনের সহায়তা দেবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হলে সরকার তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানিয়েছেন।
সাক্ষাৎকালে অ্যামচেমের আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল। প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীকে জানান, প্রায় দুই মাস আগে অ্যামচেমের নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।
নতুন কমিটি বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে বলেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন তারা।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে বিদেশি বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বিদ্যমান। দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায় সরকার। আগ্রহী বিনিয়োগকারীদের বিনিয়োগ কার্যক্রম সহজ করতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
সাক্ষাৎকালে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
সরকারের পক্ষ থেকে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।