আবারও বাড়ল স্বর্ণ-রৌপ্যের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। তেজাবি স্বর্ণের মূল্য বাড়ার প্রেক্ষাপটে নতুন করে স্বর্ণ ও রৌপ্যালংকারের বিক্রয়মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণ ও রৌপ্যালংকারের নতুন দাম নির্ধারণ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণালংকারের প্রতি গ্রাম ভ্যাটসহ বিক্রয়মূল্য ২০ হাজার ১৬০ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৯ হাজার ২৫৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৬ হাজার ৫৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণালংকার বিক্রি হবে ১৩ হাজার ৫০৫ টাকা দরে।
স্বর্ণের পাশাপাশি বেড়েছে রৌপ্যালংকারের দামও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক করা রৌপ্যালংকারের প্রতি গ্রামের দাম ভ্যাটসহ ৪৩৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ৪১৫ টাকা, ১৮ ক্যারেটের ৩৬০ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্যালংকারের প্রতি গ্রাম দাম ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণ ও রৌপ্যের অর্থাৎ পিওর গোল্ড ও সিলভারের দাম বেড়ে যাওয়ায় বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে কমিটির সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিজাইনভেদে মজুরি আলাদা
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলংকারের নকশা ও ডিজাইনের ধরন অনুযায়ী নির্ধারিত হারে মজুরি প্রযোজ্য হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
এ ছাড়া নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণ ও রৌপ্যালংকারের বিনিময় এবং ক্রয়ের ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।
পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত নতুন বিক্রয়মূল্য কার্যকর থাকবে।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।