বিদেশে উচ্চশিক্ষার ফি পরিশোধ আরও সহজ করল বাংলাদেশ ব্যাংক

বিদেশে উচ্চশিক্ষার জন্য টিউশন ফি ও আনুষঙ্গিক ব্যয় পরিশোধের প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা আন্তর্জাতিক ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড ব্যবহার করে বিদেশি বিশ্ববিদ্যালয় এবং অনলাইন ভর্তি প্ল্যাটফর্মে সরাসরি শিক্ষা-সংক্রান্ত ফি পরিশোধ করতে পারবেন।
সোমবার (১০ আগস্ট) জারি করা এক প্রজ্ঞাপনে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশি বিশ্ববিদ্যালয় ও অনলাইন ভর্তি প্ল্যাটফর্মে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে টিউশন ফি এবং অন্যান্য শিক্ষা ব্যয় পরিশোধের চাহিদা সাম্প্রতিক সময়ে বেড়েছে। শিক্ষার্থীদের এই প্রয়োজন বিবেচনায় নিয়ে অনুমোদিত ব্যাংকগুলোকে শিক্ষা ব্যয় পরিশোধের জন্য আন্তর্জাতিক কার্ড ইস্যুর অনুমতি দেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থায় শিক্ষার্থীদের জন্য অন্যতম সুবিধা হলো, শিক্ষা-সংক্রান্ত এসব লেনদেন প্রচলিত বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটা বা অন্যান্য বৈদেশিক মুদ্রা সুবিধার সীমার সঙ্গে সমন্বয় করা হবে না। অর্থাৎ, বিদেশে পড়াশোনার জন্য কার্ডে পরিশোধ করা অর্থ সাধারণ ভ্রমণ কোটার ওপর প্রভাব ফেলবে না।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আন্তর্জাতিক কার্ড শিক্ষার্থীর নিজের নামে অথবা তার শিক্ষার ব্যয় বহনকারী অভিভাবক বা সংশ্লিষ্ট ব্যক্তির নামে ইস্যু করা যাবে।
তবে কার্ডের অপব্যবহার ঠেকাতে ব্যাংকগুলোকে নির্ধারিত নিয়ন্ত্রক বিধিবিধান অনুসরণ করতে হবে। কার্ডের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে কেবল অনুমোদিত শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধ হচ্ছে কি না, তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকের ওপর থাকবে।
এ ছাড়া প্রতিটি লেনদেনের যথাযথ রেকর্ড সংরক্ষণ করতে হবে। নির্ধারিত পারপাস কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের কাছে নিয়মিত লেনদেনসংক্রান্ত তথ্য ও প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের টিউশন ফি, ভর্তি-সংক্রান্ত ব্যয় ও অন্যান্য অনুমোদিত শিক্ষা খরচ পরিশোধের ক্ষেত্রে প্রক্রিয়া আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।