রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে—তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক ‘পচা’ শেয়ারেই বিনিয়োগকারীদের আগ্রহ, ডিএসইতে বড় উত্থান ঢাকা-রিয়াদ সরাসরি বিমান চলাচল শুরু তীব্র খরায় বদলে যাচ্ছে ইংল্যান্ডের চেনা প্রাকৃতিক দৃশ্য রোববার প্রথমবার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী হাসিনার রাজনৈতিক তৎপরতায় ভারতের দায় রয়েছে: সালাহউদ্দিন জাহাজ চলাচলে চীনের নির্দেশ, কড়া প্রতিবাদ তাইওয়ানের মেসিকে হত্যার পরিকল্পনা, বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  • ‘পচা’ শেয়ারেই বিনিয়োগকারীদের আগ্রহ, ডিএসইতে বড় উত্থান

    ‘পচা’ শেয়ারেই বিনিয়োগকারীদের আগ্রহ, ডিএসইতে বড় উত্থান
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে শেয়ারদর বৃদ্ধির তালিকায় জেড গ্রুপের কোম্পানিগুলোর আধিপত্য দেখা গেছে। সপ্তাহজুড়ে দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে সাতটিই ছিল জেড গ্রুপের। এমনকি তালিকার শীর্ষ সাত স্থানও দখল করেছে এই গ্রুপের কোম্পানি।

    শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে তাদের লভ্যাংশ প্রদানের রেকর্ডের ভিত্তিতে এ, বি ও জেড—এই তিন শ্রেণিতে ভাগ করা হয়। ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দেওয়া কোম্পানিগুলো এ গ্রুপে, ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া কোম্পানিগুলো বি গ্রুপে এবং লভ্যাংশ না দেওয়া কোম্পানিগুলোকে জেড গ্রুপে রাখা হয়। দীর্ঘদিন লভ্যাংশ দিতে না পারা কোম্পানিগুলো সাধারণভাবে জেড গ্রুপ হিসেবে পরিচিত।

    গত সপ্তাহে ডিএসইতে শেয়ারদর বাড়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ছিল ফারইস্ট ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ার কিনতে বিনিয়োগকারীদের একটি অংশের আগ্রহ বাড়ায় সপ্তাহজুড়ে এর দাম ঊর্ধ্বমুখী ছিল। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩১ দশমিক ৫৮ শতাংশ।

    সপ্তাহের শেষ কার্যদিবসে ফারইস্ট ফাইন্যান্সের প্রতিটি শেয়ারের দাম দাঁড়ায় ২ টাকা ৫০ পয়সা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যার দর ছিল ১ টাকা ৯০ পয়সা। অর্থাৎ এক সপ্তাহে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৬০ পয়সা। এর ফলে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে প্রায় ৯ কোটি ৯৪ লাখ ৩৮ হাজার টাকা।

    ফারইস্ট ফাইন্যান্স সর্বশেষ ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এরপর থেকে কোম্পানিটি আর কোনো লভ্যাংশ দেয়নি। লভ্যাংশ না দেওয়ার কারণে প্রতিষ্ঠানটি বর্তমানে জেড গ্রুপে রয়েছে।

    কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে শেয়ারপ্রতি ৩ টাকা ৭৫ পয়সা লোকসান করেছে ফারইস্ট ফাইন্যান্স।

    ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৬৪ কোটি ৬ লাখ টাকা। মোট শেয়ার রয়েছে ১৬ কোটি ৪০ লাখ ৬৩ হাজার ৩৩০টি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৩৯ দশমিক ৭৪ শতাংশ শেয়ার। সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৫ দশমিক ৪৯ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৪ দশমিক ৭৭ শতাংশ শেয়ার।

    দাম বাড়ার তালিকায় ফারইস্ট ফাইন্যান্সের পর দ্বিতীয় অবস্থানে ছিল তুং হাই নিটিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৮ দশমিক ৫৭ শতাংশ। ২০১৬ সালের পর থেকে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি।

    এর পরের অবস্থানে থাকা জিবিবি পাওয়ারের শেয়ারদর বেড়েছে ২৭ দশমিক ৬৬ শতাংশ। ২০২৩ সালের পর থেকে কোম্পানিটিও বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ দেয়নি।

    গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ১৯ দশমিক ৫৭ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১৬ দশমিক ৬৭ শতাংশ এবং আইসিবি সোনালী ওয়ান মিউচুয়াল ফান্ডের ১৫ দশমিক ৮৭ শতাংশ।

    এর মধ্যে জিএসপি ফাইন্যান্স জেড গ্রুপের প্রতিষ্ঠান। অন্যদিকে প্রাইম ইন্স্যুরেন্স ও আইসিবি সোনালী ওয়ান মিউচুয়াল ফান্ড এ গ্রুপের অন্তর্ভুক্ত।

    অন্যদিকে, গত সপ্তাহে ডিএসইতে দাম কমার শীর্ষ তালিকাতেও দীর্ঘদিন লভ্যাংশ না দেওয়া কয়েকটি কোম্পানি ছিল। তালিকায় থাকা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সের শেয়ারদর ২৫ শতাংশ, এফএএস ফাইন্যান্সের ২০ দশমিক ৮৩ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ২০ শতাংশ এবং পিপলস লিজিংয়ের ২০ শতাংশ কমেছে।

    এই কোম্পানিগুলোও দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিচ্ছে না।

    সব মিলিয়ে গত সপ্তাহের লেনদেনে জেড গ্রুপের কোম্পানিগুলোর শেয়ারদরে উল্লেখযোগ্য উত্থান দেখা গেলেও এসব প্রতিষ্ঠানের দীর্ঘদিনের আর্থিক দুর্বলতা ও লভ্যাংশ না দেওয়ার বিষয়টি বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় হয়ে রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন