মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম

সেপ্টেম্বরেই মা হচ্ছেন দীপিকা

সেপ্টেম্বরেই মা হচ্ছেন দীপিকা
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দ্বিতীয়বার মা হওয়ার অপেক্ষায় রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সন্তান জন্মের সময় যতই ঘনিয়ে আসছে, ততই ব্যস্ততা বাড়ছে তাঁর। তবে মাতৃত্বের এই সময়ে কাজ থেকে বিরতি নেননি অভিনেত্রী। অন্তঃসত্ত্বাকালের অষ্টম মাসেও নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি।

অভিনেতা অল্লু অর্জুনকে সঙ্গে নিয়ে নির্মাতা অ্যাটলির নতুন সিনেমা ‘রাকা’র শুটিংয়ে ব্যস্ত দীপিকা। সন্তানের জন্মের আগেই সিনেমাটিতে নিজের অংশের কাজ শেষ করার লক্ষ্য নিয়েছেন তিনি। প্রয়োজন হলে দীর্ঘ সময় সেটে থেকেও শুটিং করছেন বলে জানা গেছে।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সেপ্টেম্বর মাসে দীপিকার দ্বিতীয় সন্তানের জন্ম হতে পারে। তার আগেই ‘রাকা’ সিনেমার শুটিং শেষ করতে চান অভিনেত্রী।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, দীপিকা বর্তমানে অন্তঃসত্ত্বার অষ্টম মাসে রয়েছেন। খুব শিগগিরই তাঁর পরিবারে নতুন অতিথি আসতে পারে। এর মধ্যেও সিনেমাটির কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। সন্তান জন্মের আগে নিজের অংশের শুটিং সম্পন্ন করাই এখন তাঁর প্রধান লক্ষ্য।

শুটিংয়ের ক্ষেত্রে দীপিকার পেশাদারিত্বে সিনেমাটির পুরো টিমই মুগ্ধ বলে জানিয়েছে সূত্রটি। প্রয়োজন অনুযায়ী রাত পর্যন্ত সেটে থেকে কাজ করছেন অভিনেত্রী। তাঁর নিষ্ঠা ও কাজের প্রতি দায়বদ্ধতা দলের সদস্যদের প্রশংসা কুড়িয়েছে।

অন্তঃসত্ত্বা অবস্থায় দীপিকার শুটিংয়ে অংশ নেওয়ার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। প্রথম সন্তান গর্ভে থাকার সময়ও তিনি সিনেমার শুটিং চালিয়ে গিয়েছিলেন। সে সময় নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’র কাজে যুক্ত ছিলেন তিনি। সিনেমাটিতে বেশ কিছু অ্যাকশন দৃশ্যেও অংশ নিতে দেখা যায় তাঁকে।

এদিকে অ্যাটলির ‘রাকা’ সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ছবিতে দীপিকার সঙ্গে অভিনয় করছেন দক্ষিণী তারকা অল্লু অর্জুন। আরও রয়েছেন রশ্মিকা মন্দানা, জাহ্নবী কপূর ও মৃণাল ঠাকুর। কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসির মিশেলে নির্মিত সিনেমাটিতে বড় পরিসরের অ্যাকশন দৃশ্য থাকার কথা রয়েছে। ২০২৭ সালে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে দীপিকার ব্যস্ততার তালিকায় রয়েছে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমাটিও। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ ছবিতে শাহরুখ ও দীপিকার পাশাপাশি অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রাঘব জুয়াল, অভয় বর্মা, সৌরভ শুক্লা ও রানি মুখোপাধ্যায়। সিনেমাটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ