রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
Natun Kagoj

অতীতের কিছু সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ শাকিব খানের

অতীতের কিছু সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ শাকিব খানের
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান তার ব্যক্তিজীবনের কিছু পুরোনো সিদ্ধান্ত নিয়ে আক্ষেপের কথা জানিয়েছেন। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের দীর্ঘ ক্যারিয়ার, ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

সাক্ষাৎকারে শাকিব খানকে প্রশ্ন করা হয়, জীবনে তিনি কোনো ভুল করেছেন কি না। জবাবে নিজের কিছু সিদ্ধান্ত নিয়ে আক্ষেপের কথা স্বীকার করেন এই অভিনেতা। তবে কোন সিদ্ধান্ত বা ঘটনা নিয়ে তার আফসোস, তা স্পষ্ট করে বলেননি তিনি।

শাকিব জানান, অতীতের দিকে ফিরে তাকালে অনেক বিষয় নিয়েই তার খারাপ লাগে। একা থাকলে নিজের জীবনের নানা সিদ্ধান্ত নিয়ে হিসাব-নিকাশ করেন তিনি। তখন কিছু বিষয় তাকে কষ্টও দেয়।

তবে এসবের জন্য ভাগ্যকেও কিছুটা দায়ী করেন শাকিব। তার মতে, মানুষ মাত্রই ভুল করে। কিন্তু কোনো ভুল বুঝতে পারার পর একই ভুল জেনে-শুনে আবার করা উচিত নয়।

আলাপের একপর্যায়ে তার ব্যক্তিজীবনের প্রসঙ্গও উঠে আসে। ইঙ্গিতে সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর প্রসঙ্গ এলে শাকিব বলেন, তারা দুজনই তার জীবনের অংশ। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে চান না তিনি।

তাদের কোনো বিষয়ে কখনো পরামর্শ দেন কি না—এমন প্রশ্নের জবাবে শাকিব জানান, দেখা হলে মাঝে মাঝে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং নিজের মতামতও জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অতিরঞ্জিত খবর নিয়েও কথা বলেন এই অভিনেতা। তার দাবি, অনেক সময় এমন কিছু ঘটনা তার নামে প্রচার করা হয়, যার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই।

এসব মনগড়া খবর ও নানা ধরনের প্রচারণার কারণে বর্তমানে তিনি অনেকটাই নিজেকে গুটিয়ে নিয়েছেন বলেও জানান শাকিব। আগের তুলনায় কম কথা বলা এবং ব্যক্তিগত বিষয় নিজের মধ্যেই রাখার প্রবণতা তৈরি হয়েছে তার।

সাক্ষাৎকারে নিজের পেশাগত কাজের কথাও জানান শাকিব খান। তার অভিনীত আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে আশাবাদী তিনি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের অক্টোবরের দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বলে জানান এই অভিনেতা।

দীর্ঘ ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা ও বিতর্ক পেছনে ফেলে এখন জীবনের বাকি সময়টা শান্তি ও আনন্দে কাটাতে চান শাকিব খান। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে আরও ইতিবাচকভাবে এগিয়ে যাওয়ার কথাই জানিয়েছেন ঢালিউডের এই তারকা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন