মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বাংলাদেশকে সরিয়ে বিশ্বকাপে, এবার আইসিসির সিদ্ধান্তে স্কটল্যান্ডের ক্ষোভ

বাংলাদেশকে সরিয়ে বিশ্বকাপে, এবার আইসিসির সিদ্ধান্তে স্কটল্যান্ডের ক্ষোভ
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কয়েক মাস আগেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্তে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল স্কটল্যান্ড। বাংলাদেশের পরিবর্তে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া সেই স্কটল্যান্ডই এবার আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের নতুন ফরম্যাট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড।

আগামী ওয়ানডে বিশ্বকাপের কাঠামো পরিবর্তনের সিদ্ধান্তকে সহযোগী দেশগুলোর ক্রিকেট বিকাশের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখছে দুই দেশের ক্রিকেট বোর্ড। গতকাল ক্রিকেট স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড এক যৌথ বিবৃতিতে আইসিসির সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শেষ মুহূর্তে বাংলাদেশ নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ অংশগ্রহণ নিশ্চিত না করায় পরে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দেয় আইসিসি। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত ওই আসরে অংশ নেয় স্কটিশ দল।

তবে এবার ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট পরিবর্তন নিয়েই আপত্তি তুলেছে স্কটল্যান্ড। জুলাইয়ে আইসিসি আগামী ওয়ানডে বিশ্বকাপে ‘সুপার সিরিজ’ নামে একটি নতুন পর্ব যুক্ত করার ঘোষণা দেয়।

নতুন কাঠামো অনুযায়ী, বিশ্বকাপে অংশ নেওয়া ১৪ দলের মধ্যে র‍্যাঙ্কিংয়ের নিচের তিন দল—১২ থেকে ১৪ নম্বরে থাকা দলগুলো—সুপার সিরিজে খেলবে। সিঙ্গেল লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় ওই পর্ব থেকে মাত্র একটি দল পরবর্তী রাউন্ডে জায়গা করে নেবে। এরপর বাকি ১২ দলকে দুটি গ্রুপে ভাগ করে মূল পর্বের খেলা অনুষ্ঠিত হবে।

এই ফরম্যাটে র‍্যাঙ্কিংয়ের নিচের দুই দল মাত্র দুটি ম্যাচ খেলেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে। সহযোগী দেশগুলোর ক্রিকেট বিকাশে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস।

ফরম্যাট পরিবর্তনের ঘোষণা দেওয়ার পর ক্রিকেট স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড এবং অন্যান্য সহযোগী দেশ আইসিসির সঙ্গে দুটি বৈঠক করে। বৈঠকগুলোতে নতুন কাঠামো পরিবর্তনের কারণ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।

তবে দুই সপ্তাহেরও বেশি আগে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকের পরও আইসিসির পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে ক্রিকেট স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড।

যৌথ বিবৃতিতে দুই বোর্ডের পক্ষ থেকে বলা হয়, সহযোগী দেশগুলোর সঙ্গে বৈঠকের পরও আইসিসির কোনো প্রতিক্রিয়া না পাওয়া হতাশাজনক ও অসম্মানজনক। ক্রিকেটের বৈশ্বিক পরিসর বাড়ানো, নতুন দর্শক তৈরি এবং আন্তর্জাতিক অঙ্গনে উদীয়মান দেশগুলোর অবস্থান শক্তিশালী করার সময়ে তাদের সুযোগ সীমিত করা ভুল বার্তা দিচ্ছে।

বিশ্ব ক্রিকেটের উন্নয়নে আইসিসি ও অন্যান্য সদস্য দেশের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছে দুই বোর্ড। তবে বিশ্বকাপের ফরম্যাট পরিবর্তনের প্রভাব এবং সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আরও ব্যাপক আলোচনা প্রয়োজন ছিল।

এদিকে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তান ৩ উইকেটে জয় পাওয়ার পর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১০টি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।

আফগানিস্তানের সঙ্গে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। দুই আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েও সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ