আন্তর্জাতিক যুব উৎসব–২০২৬: ২২ হাজার আবেদন থেকে নির্বাচিত ২ হাজার স্বেচ্ছাসেবক

রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গে আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক যুব উৎসব (IFY)–২০২৬। রাশিয়ার জাতীয় প্রকল্প ‘ইয়ুথ অ্যান্ড চিলড্রেন’-এর আওতায় আয়োজিত এ আন্তর্জাতিক আয়োজনে দায়িত্ব পালনের জন্য ২ হাজার স্বেচ্ছাসেবক নিয়ে গঠিত হয়েছে স্বেচ্ছাসেবক দল।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশনায় আয়োজিত এই উৎসবের স্বেচ্ছাসেবক হতে প্রায় ২২ হাজার আবেদন জমা পড়েছিল। কয়েক ধাপের বাছাই ও প্রশিক্ষণ শেষে তাদের মধ্য থেকে ২ হাজার তরুণ ও অভিজ্ঞ স্বেচ্ছাসেবককে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।
রাশিয়ার উপপ্রধানমন্ত্রী দিমিত্রি চেরনিশেঙ্কো বলেন, নির্বাচিত স্বেচ্ছাসেবকেরা অত্যন্ত উৎসাহী ও দায়িত্বশীল। তাদের অনেকেই এর আগে আন্তর্জাতিক ও বড় পরিসরের বিভিন্ন আয়োজনে কাজ করেছেন। উৎসবের সফল আয়োজন এবং অংশগ্রহণকারীদের জন্য স্মরণীয় পরিবেশ তৈরিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
বিভিন্ন বয়স ও পেশার মানুষের সমন্বয়
IFY–২০২৬-এর স্বেচ্ছাসেবক দলে বিভিন্ন বয়স ও পেশার মানুষ রয়েছেন। নির্বাচিতদের মধ্যে সবচেয়ে কম বয়সী ১৬ বছর এবং সবচেয়ে বেশি বয়সী ৮৩ বছর। অর্থাৎ, স্বেচ্ছাসেবকদের বয়সের ব্যবধান ৬৭ বছর। এ দলে প্রায় ৭০ জন বিদেশি স্বেচ্ছাসেবকও রয়েছেন।
ভোরোনেজ অঞ্চলের ভ্লাদিমির সাপানিউক ও ভ্যালেন্টিনা দুবিনা দম্পতি একসঙ্গে ‘সিলভার ভলান্টিয়ার’ হিসেবে দায়িত্ব পালন করবেন। ভোলোগদা অঞ্চলের স্বেতলানা কারতাশোভা দীর্ঘদিন ধরে তার মেয়ে দারিয়াকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত করেছেন। ফলে মা-মেয়ে এখন স্বেচ্ছাসেবার সঙ্গে যুক্ত একটি পারিবারিক ধারার প্রতিনিধিত্ব করছেন।
আর্কহ্যাঙ্গেলস্ক অঞ্চলের ওলগা বেলিয়ায়েভারও রয়েছে দীর্ঘ স্বেচ্ছাসেবী অভিজ্ঞতা। কৃষ্ণসাগর উপকূলে জ্বালানি তেল ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা কার্যক্রমেও তিনি অংশ নিয়েছিলেন।
ফেডারেল এজেন্সি ফর ইয়ুথ অ্যাফেয়ার্স বা রসমোলোদেঝের প্রধান গ্রিগরি গুরভ বলেন, এবারের স্বেচ্ছাসেবক দলটি অত্যন্ত শক্তিশালী। তাদের প্রত্যেককে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিশেষ করে দলনেতা ও ব্যবস্থাপনা পর্যায়ের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের জন্য ইয়েকাতেরিনবুর্গে ২ থেকে ৪ সেপ্টেম্বর অতিরিক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
২২ হাজার আবেদন থেকে বাছাই
আন্তর্জাতিক যুব উৎসব–২০২৬-এর স্বেচ্ছাসেবক নিয়োগ কার্যক্রম শুরু হয় ২০২৫ সালের ৫ ডিসেম্বর। #WeAreTogether আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠানের সময় এ আবেদন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রায় ২২ হাজার আবেদন জমা পড়ে।
বাছাই প্রক্রিয়ায় আবেদন যাচাই, অনলাইন কোর্স, সাক্ষাৎকার এবং সরাসরি প্রশিক্ষণ অন্তর্ভুক্ত ছিল। রাশিয়ার ৪৬টি অঞ্চলে ৭৮টি প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে প্রার্থীদের প্রস্তুত করা হয়।
সবচেয়ে বেশি স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়েছেন সেভেরদলোভস্ক অঞ্চল, মস্কো, সেন্ট পিটার্সবার্গ, ক্রাসনোদার ক্রাই ও মস্কো অঞ্চল থেকে।
স্বেচ্ছাসেবকদের ব্যবস্থাপনা আরও কার্যকর করতে উৎসবে একটি বিশেষ ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করা হবে। মস্কো ভলান্টিয়ার রিসোর্স সেন্টারের তৈরি এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দলনেতারা রিয়েল টাইমে স্বেচ্ছাসেবকদের তালিকা ও শিফট পরিচালনা, দায়িত্ব পালনের তথ্য সংরক্ষণ, কাজের সময় এবং উপস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন।
১৭টি ক্ষেত্রে দায়িত্ব পালন
উৎসব চলাকালে স্বেচ্ছাসেবকেরা ১৭টি কার্যক্রমের ক্ষেত্রে দায়িত্ব পালন করবেন। অতিথিদের স্বাগত জানানো ও উৎসবমুখর পরিবেশ তৈরি থেকে শুরু করে অ্যাক্রেডিটেশন, লজিস্টিকস, চিকিৎসাকর্মীদের সহায়তা এবং দেশি-বিদেশি প্রতিনিধিদলের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব থাকবে তাদের ওপর।
এ ছাড়া চলাচলে সীমাবদ্ধতা রয়েছে এমন অংশগ্রহণকারীদের সহায়তা, দোভাষী ও অনুবাদসেবা, ভ্রমণ কর্মসূচিতে সহযোগিতা, সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য কনটেন্ট তৈরি এবং গণমাধ্যমের সঙ্গে যোগাযোগের কাজও করবেন তারা।
উৎসবের মূল কর্মসূচি শেষ হওয়ার পরও বিদেশি প্রতিনিধিদলগুলোর আঞ্চলিক কর্মসূচিতে স্বেচ্ছাসেবকেরা তাদের সহযোগিতা করবেন।
রাশিয়ার স্টেট ডুমার যুবনীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান ও Dobro.RF-এর প্রধান আর্তেম মেতেলেভ বলেন, এত বড় আন্তর্জাতিক আয়োজন স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সফলভাবে আয়োজন করা কঠিন। বড় আন্তর্জাতিক আয়োজনের অভিজ্ঞতাও তা প্রমাণ করে।
স্বেচ্ছাসেবাকে আন্তর্জাতিক বন্ধনের মাধ্যম হিসেবে দেখছেন অংশগ্রহণকারীরা
IFY–২০২৬-এর স্বেচ্ছাসেবক ওলগা বেলিয়ায়েভা বলেন, স্বেচ্ছাসেবা তার কাছে নিজের সময় ও শ্রম অন্যের কল্যাণে দেওয়ার মানসিকতার নাম। কৃষ্ণসাগর উপকূলে তেল ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার অভিজ্ঞতা তার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।
তার মতে, সেখানে অভিনেতা, মডেল, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের মতো বিভিন্ন পেশার মানুষ একসঙ্গে কাজ করেছিলেন। তাদের সবার লক্ষ্য ছিল প্রকৃতি ও প্রাণীদের রক্ষা করা। এই অভিজ্ঞতা তাকে বুঝিয়েছে, স্বেচ্ছাসেবা মানুষের মধ্যে পার্থক্যের চেয়ে ঐক্যকে আরও শক্তিশালী করে।
আন্তর্জাতিক যুব উৎসবের স্বেচ্ছাসেবক হিসেবে কাজের মাধ্যমে রাশিয়া ও বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়, নতুন উদ্যোগ সম্পর্কে জানার এবং ভবিষ্যতের জন্য নতুন ধারণা তৈরির সুযোগ পাবেন বলে আশা করছেন তিনি।
২০২৪ সালে বিশ্ব যুব উৎসবে ২০ হাজার অংশগ্রহণকারী
এর আগে ২০২৪ সালের ১ থেকে ৭ মার্চ রাশিয়ার সিরিয়াসে অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব যুব উৎসব (WYF–২০২৪)। রুশ প্রেসিডেন্টের নির্দেশনায় আয়োজিত ওই উৎসবে ১৯০টি দেশের ২০ হাজার তরুণ নেতা অংশ নেন।
বিশ্ব যুব উৎসবের অর্জন ও অভিজ্ঞতা ধরে রাখতে রাশিয়ায় এখন প্রতিবছর বিভিন্ন যুবভিত্তিক আন্তর্জাতিক আয়োজন করা হচ্ছে। ২০২৫ সালে নিঝনি নভগোরোদে অনুষ্ঠিত হয় বিশ্ব যুব উৎসব অ্যাসেম্বলি। এতে ১২০টি দেশের প্রায় ২ হাজার তরুণ অংশ নেন।
২০২৬ সালের আন্তর্জাতিক যুব উৎসবে প্রায় ১০ হাজার অংশগ্রহণকারী অংশ নেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। আর ২০ হাজার অংশগ্রহণকারীর পরবর্তী বিশ্ব যুব উৎসব অনুষ্ঠিত হবে ২০৩০ সালে।
আয়োজকদের ভাষ্য, আন্তর্জাতিক যুব উৎসবের মাধ্যমে বিশ্বের তরুণদের মধ্যে যোগাযোগ, সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও বিস্তৃত করার পাশাপাশি আন্তর্জাতিক যুব সহযোগিতার একটি দীর্ঘমেয়াদি নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য রয়েছে।