রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে—তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক ‘পচা’ শেয়ারেই বিনিয়োগকারীদের আগ্রহ, ডিএসইতে বড় উত্থান ঢাকা-রিয়াদ সরাসরি বিমান চলাচল শুরু তীব্র খরায় বদলে যাচ্ছে ইংল্যান্ডের চেনা প্রাকৃতিক দৃশ্য রোববার প্রথমবার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী হাসিনার রাজনৈতিক তৎপরতায় ভারতের দায় রয়েছে: সালাহউদ্দিন জাহাজ চলাচলে চীনের নির্দেশ, কড়া প্রতিবাদ তাইওয়ানের মেসিকে হত্যার পরিকল্পনা, বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  • মেসিকে হত্যার পরিকল্পনা, বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

    মেসিকে হত্যার পরিকল্পনা, বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে হত্যার পরিকল্পনার তথ্য সামনে এসেছে। পুলিশের নিরাপত্তা-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, মেসিকে লক্ষ্য করে স্টেডিয়ামে বন্দুক ও বোমা নিয়ে হামলার হুমকি দেওয়া হয়েছিল।

    যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপ ঘিরে শুধু মেসি নন, ক্রিশ্চিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপেসহ আরও কয়েকজন তারকাও হুমকি ও হয়রানির শিকার হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    ইন্টারন্যাশনাল পুলিশ কো-অপারেশন সেন্টার (আইপিসিসি) ও যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) নিরাপত্তা-সংক্রান্ত তথ্যের বরাত দিয়ে এসব তথ্য প্রকাশ করেছে স্পেনের সংবাদমাধ্যম ইনফরমাসিওন ডট ইএস।

    মেসিকে ঘিরে একাধিক হুমকি

    প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনা-মিশর ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে হত্যার হুমকি দেওয়া হয়। এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, তিনি আটলান্টা স্টেডিয়ামে ঢুকে শরীরে বাঁধা বিস্ফোরক দিয়ে মেসিকে হত্যার চেষ্টা করবেন।

    এ ছাড়া ডালাস বিমানবন্দরে একটি ফোনকলের মাধ্যমে মেসিকে লক্ষ্য করে আরও বড় ধরনের হামলার হুমকি দেওয়া হয়। ফোনকারী দাবি করেন, তিনি আরও দুই ব্যক্তিকে নিয়ে স্টেডিয়ামের দিকে যাচ্ছেন এবং তাদের কাছে তৈরি করা বোমা ও একটি এআর-১৫ রাইফেল রয়েছে।

    ওই ব্যক্তি দুই দলের খেলোয়াড় ও পুলিশ সদস্যদের ওপর হামলার কথা বলার পাশাপাশি বিশেষভাবে মেসির নাম উল্লেখ করেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

    আরেক ঘটনায় ম্যাচ চলাকালে পুলিশকে ফোন করে স্টেডিয়ামের ময়লার ঝুড়িতে তিনটি বোমা রাখার দাবি করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল, প্রশিক্ষিত কুকুর ও তাদের হ্যান্ডলাররা স্টেডিয়ামে তল্লাশি চালান।

    নিরাপত্তা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি হুমকি পাওয়া খেলোয়াড়দের মধ্যে মেসি অন্যতম ছিলেন।

    রোনালদোকেও ঘিরে নিরাপত্তা শঙ্কা

    ক্রিশ্চিয়ানো রোনালদোও বিশ্বকাপ চলাকালে একাধিক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    ১৪ জুন ফিফার এক কর্মী পুলিশকে জানান, এক ব্যক্তি রোনালদোর অবস্থান সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছেন। দুই দিন পর হিউস্টন পুলিশ ওই ব্যক্তিকে শনাক্ত করে এবং রোনালদোর হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে।

    টরন্টোতেও এক সমর্থক রোনালদোর সঙ্গে লিফটে ওঠার চেষ্টা করলে তাকে আটক করা হয়। ওই ব্যক্তি দাবি করেন, তিনি শুধু রোনালদোর সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন।

    এ ছাড়া মিয়ামিতে আরেক ব্যক্তি রোনালদোর কাছে যাওয়ার চেষ্টা করেন। পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচেও রোনালদোর জার্সি পরা এক ব্যক্তি মাঠে ঢুকে পড়েন।

    এমবাপেকেও অনলাইনে হুমকি

    বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা ঝুঁকিতে থাকা খেলোয়াড়দের তালিকায় কিলিয়ান এমবাপের নামও রয়েছে।

    ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচে প্যারাগুয়ের গোলরক্ষকের সঙ্গে এমবাপের বাগ্‌বিতণ্ডার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে লক্ষ্য করে জাতিবিদ্বেষী মন্তব্য করা হয় বলে পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    এ ছাড়া ৫ ও ৬ জুলাই প্যারাগুয়েতে সামাজিক যোগাযোগমাধ্যমে এমবাপের ছবি ব্যবহার করে একটি পুতুল পোড়ানোর ঘটনাও ঘটে।

    বিশ্বকাপকে ঘিরে একাধিক তারকাকে লক্ষ্য করে হুমকি, অনুপ্রবেশের চেষ্টা ও নিরাপত্তা-সংক্রান্ত ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছিল বলে প্রতিবেদনে জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন