সোমবার, ১০ অগাস্ট ২০২৬
Natun Kagoj

অপূর্বর গানে-গল্পে জমজমাট নিউইয়র্কের রাত

অপূর্বর গানে-গল্পে জমজমাট নিউইয়র্কের রাত
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দুই দশকের বেশি সময় ধরে অভিনয়ের মাধ্যমে দর্শকদের বিনোদন দিয়ে আসছেন জিয়াউল ফারুক অপূর্ব। অভিনয়ের পাশাপাশি তিনি যে ভালো গানও করেন, এবার তারই প্রমাণ মিলল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত তাঁর প্রথম একক কনসার্টে। নিউইয়র্কে ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শিরোনামের এই আয়োজন দর্শকদের ব্যাপক প্রশংসা পেয়েছে।

স্থানীয় সময় ৮ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হয় কনসার্টটি। প্রথম একক কনসার্ট হওয়ায় এর আগে বেশ কয়েক দিন ধরে নিয়মিত অনুশীলন করেছিলেন অপূর্ব। অনুষ্ঠানের দিনও দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। পুরো অডিটরিয়াম দর্শক-শ্রোতায় পূর্ণ হয়ে যায়।

কনসার্টের শুরুতেই হেমন্ত মুখোপাধ্যায়ের জনপ্রিয় গান ‘এই রাত তোমার আমার’ পরিবেশন করেন অপূর্ব। গানটি শেষ করে তিনি জানান, এটিই তাঁর শেখা প্রথম গান। ছোটবেলায় মায়ের কাছ থেকেই গানটি প্রথম শুনেছিলেন তিনি।

এরপর একে একে সোলস ব্যান্ডের ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘কেন এই নিঃসঙ্গতা’, বাপ্পা মজুমদারের ‘দিন বাড়ি যায়’, ফিডব্যাক ব্যান্ডের ‘মৌসুমী’ এবং নগর বাউল জেমসের ‘বাবা’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন অপূর্ব।

জেমসের ‘বাবা’ গানটি পরিবেশনের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেতা। গানটি গাইতে গিয়ে নিজের বাবার কথা মনে পড়ে যায় তাঁর। একপর্যায়ে গান থামিয়ে কান্নায় ভেঙে পড়েন অপূর্ব। পরে পেছনে ফিরে চোখ মুছে আবারও নিজেকে সামলে নেন তিনি। মুহূর্তটি দর্শকদের মধ্যেও আবেগ তৈরি করে।

প্রায় দুই ঘণ্টার এই আয়োজনে শুধু গান নয়, দর্শকদের সঙ্গে কথোপকথনেও মেতে ছিলেন অপূর্ব। গানের ফাঁকে নিজের নানা অভিজ্ঞতা ও অনুভূতি ভাগ করে নেন তিনি। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শামীম শাহেদ।

কনসার্টে অপূর্বের সহকর্মী ও বন্ধুদেরও উপস্থিতি ছিল। দর্শক সারিতে ছিলেন তমালিকা কর্মকার, আফসান আরা বিন্দু, মোনালিসা, নওশীন, মামনুন ইমন, রোমানা ও নোভাসহ আরও অনেকে।

কনসার্ট শেষে মোনালিসা বলেন, শুটিংয়ের সময়ও অপূর্বকে প্রায়ই গান গাইতে শুনেছেন তিনি। তাঁর প্রথম একক কনসার্ট উপভোগ করে ভালো লেগেছে বলেও জানান এই অভিনেত্রী।

তমালিকা কর্মকারের মতে, অনুষ্ঠানটির প্রচার আরও বেশি হলে দর্শকের উপস্থিতি আরও বাড়তে পারত। স্বল্প সময়ের প্রস্তুতিতে আয়োজন হলেও অনুষ্ঠানটি দারুণ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নওশীনও অপূর্বর গানের প্রশংসা করেন। তাঁর মতে, শোবিজের মানুষজন আগে থেকেই জানেন অপূর্ব কতটা ভালো গান করেন। এবার আরও অনেক দর্শক তাঁর এই প্রতিভার সঙ্গে পরিচিত হয়েছেন।

নিজের প্রথম একক কনসার্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অপূর্ব বলেন, দর্শকদের এত ভালোবাসা পাবেন, তা তিনি কল্পনাও করেননি। একজন শিল্পীর জন্য দর্শকের উৎসাহ ও অনুপ্রেরণাই সবচেয়ে বড় পাওয়া। এই আয়োজন তাঁকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার সাহস ও শক্তি দিয়েছে।

যুক্তরাষ্ট্রে আরও কনসার্ট আয়োজনের আগ্রহও প্রকাশ করেছেন দর্শকেরা। তবে ভবিষ্যতে আবারও এমন আয়োজন করবেন কি না, তা দর্শকের আগ্রহের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন অপূর্ব। দর্শকেরা তাঁকে দেখতে চাইলে নতুন কোনো কনসার্টে আবারও দেখা হতে পারে—এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন