‘শিল্পীরা সবার, রাজনৈতিক পরিচয়ে বিচার করা ঠিক নয়’: হাসান

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক ওপেন কনসার্টে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাসান। মঞ্চে গান পরিবেশনের সময় দর্শকসারি থেকে ছোড়া একটি বোতল এসে তার মাথায় আঘাত করে।
ঘটনার পর কিছুটা সামলে নিয়ে আবারও গান পরিবেশন করেন আর্ক ব্যান্ডের এই শিল্পী। তবে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংগীতাঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। একই সঙ্গে কনসার্টের ব্যবস্থাপনা ও শিল্পীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন হাসান। শুক্রবার দিবাগত রাতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মঞ্চে শিল্পীর দিকে বোতল ছুড়ে মারার মতো অভিজ্ঞতা তার দীর্ঘ সংগীতজীবনে কখনো হয়নি।
হাসান লেখেন, ‘ঘটনাটি আমার কাছে খুবই অপ্রত্যাশিত। দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনো হইনি। বহু বছর ধরে বাংলা ব্যান্ড সংগীত করছি। এই সময়ে বিচিত্র অনেক অভিজ্ঞতা হয়েছে। কিন্তু মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হতে পারে, এমনটা কখনো দেখিনি বা ভাবিনি।’
তবে ঘটনার জন্য কাউকে দোষারোপ না করে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চান বলেও জানান তিনি। তার ভাষ্য, ‘আমি বিশ্বাস করতে চাই, যে এমনটি করেছে, সে হয়তো না বুঝেই করেছে।’
শিল্পীদের নিরাপত্তার আহ্বান
কনসার্টে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে হাসান বলেন, ভবিষ্যতে যেন দেশের কোনো শিল্পীকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।
তিনি বলেন, শিল্পীরা দেশের মানুষের জন্য গান করেন এবং বিনিময়ে মানুষের ভালোবাসাই প্রত্যাশা করেন। তাই তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।
হাসানের ভাষায়, ‘কোনো শিল্পীকে এভাবে অসম্মান করা বা অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি করা উচিত নয়।’
রাজনৈতিক পরিচয়ে শিল্পীদের বিচার না করার আহ্বান
নিজের পোস্টে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিচার না করারও আহ্বান জানিয়েছেন হাসান। তিনি বলেন, বিভিন্ন সময় সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক নানা আয়োজনে শিল্পীদের অংশ নিতে হয়। কোনো অনুষ্ঠানে গান গাওয়ার কারণে একজন শিল্পীকে নির্দিষ্ট রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়।
তিনি লেখেন, ‘আমাদের দেশে অনেক সময় শিল্পীদের রাজনৈতিকভাবে বিবেচনা করা হয়, এটা ঠিক নয়। একজন শিল্পী পাঁচ বা দশ বছরের জন্য শিল্পী নন, তিনি আজীবনের জন্যই শিল্পী।’
হাসানের মতে, শিল্পীরা মানুষের ভালোবাসা নিয়ে কাজ করেন। তাই তাদের প্রাপ্য সম্মান দেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করাও সবার দায়িত্ব।
প্রতিবাদ সংগীতাঙ্গনে
হাসানের ওপর বোতল ছোড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংগীত ও অভিনয় অঙ্গনের অনেকেই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। সাধারণ ভক্তদের পাশাপাশি শিল্পীরাও এ ঘটনায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন।
তরুণ সংগীতশিল্পী তাসরিফ খান হাসানের পোস্টের মন্তব্যে আক্ষেপ প্রকাশ করে লিখেছেন, ‘আমরা এরকমই অশিক্ষিত এবং গণ্ডমূর্খ। আমরা গুণীর কদর করতে জানি না ভাইয়া। ক্ষমা করবেন!’
এ ছাড়া প্রিন্স মাহমুদ, মীর মাসুম, মিশা সওদাগর, রবি চৌধুরী, লুৎফর হাসান ও তানভীর তারেকসহ আরও অনেকে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ঘটনার পর কনসার্টের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে। তবে বোতল ছোড়ার ঘটনায় এখন পর্যন্ত জড়িত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।