দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ হারাবেন: চিফ হুইপ

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোটদানের ক্ষেত্রে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি। তিনি বলেছেন, দলের সিদ্ধান্তের বাইরে কোনো সংসদ সদস্য ভোট দিলে তার সদস্যপদ বাতিল হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদের কেবিনেট কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সভায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মণি, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম, বিভিন্ন হুইপ এবং সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চিফ হুইপ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ এখনো সংশোধন হয়নি। ফলে সংসদ সদস্যরা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না। কেউ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে।
সংসদেই হবে রাষ্ট্রপতি নির্বাচন
রাষ্ট্রপতি নির্বাচন সংসদ ভবনের ভেতরেই অনুষ্ঠিত হবে জানিয়ে নূরুল ইসলাম মণি বলেন, ভোটের জন্য সংসদ ভবনে নির্ধারিত স্থানে ব্যালট বাক্স রাখা হবে। সংসদ সদস্যরা তাদের আসন ও নির্ধারিত নম্বর অনুযায়ী ভোট দেবেন।
তিনি জানান, ভোট শুরুর পর এক ঘণ্টার মধ্যে ৩৪৯টি ভোট দেওয়া শেষ হলে নির্ধারিত সময়ের আগেই ফলাফল প্রস্তুতের কার্যক্রম শুরু করা হবে। তবে কোনো ভোট বাকি থাকলে বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করা হবে। এরপর ভোটগ্রহণ শেষ করে ফলাফল ঘোষণা করা হবে।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও ভারপ্রাপ্ত স্পিকারের ভোট দেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানান তিনি। ভোটগ্রহণ শেষে গণনা থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত কার্যক্রমও সরাসরি সম্প্রচারের সুযোগ থাকবে।
বিএনপির প্রার্থী ঘোষণা কবে
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী কবে চূড়ান্ত হবে—এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করলে সবাই জানতে পারবেন। মনোনয়নপত্র দাখিলের সময়ই বিষয়টি প্রকাশ্যে আসবে।
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে বিরোধী দল
রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের অবস্থান তুলে ধরে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্রকে কার্যকর রাখতে অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। দেশবাসীর সামনে নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরতেই বিরোধী দল প্রার্থী দিয়েছে।
তিনি বলেন, ‘জুলাই সনদ’ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হলে নির্বাচিত রাষ্ট্রপতি আরও সম্মানিত ও গ্রহণযোগ্য হতেন। গণভোটের রায় সংস্কারের পক্ষে যাওয়ায় ৭০ অনুচ্ছেদ সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচন করা যেত বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, যেহেতু বর্তমান ব্যবস্থায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তাই বিরোধী দল এটিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছেড়ে দিতে চায়নি। এ কারণেই তাদের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে।
জুলাই সনদ নিয়ে ভিন্ন ব্যাখ্যা
এদিকে চিফ হুইপ নূরুল ইসলাম মণি বলেন, জুলাই সনদ অনুযায়ীও রাষ্ট্রপতি নির্বাচনের সময় বিদ্যমান ৭০ অনুচ্ছেদ প্রযোজ্য হবে। তবে জুলাই সনদে অর্থবিল ও আস্থাভোট ছাড়া অন্যান্য ক্ষেত্রে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মত দেওয়ার সুযোগ রাখার কথা বলা হয়েছে।
তিনি জানান, সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তা বা যুদ্ধ পরিস্থিতির বিষয়ও আলোচনায় ছিল। তবে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি সেখানে আলাদাভাবে উল্লেখ করা হয়নি।
তার ভাষ্য, জুলাই সনদ বাস্তবায়িত হলে গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দেওয়ার সুযোগ থাকবে।
রাষ্ট্রপতি নির্বাচনকে গণতান্ত্রিক প্রক্রিয়া ও দেশের গণতান্ত্রিক যাত্রাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করে চিফ হুইপ বলেন, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন আয়োজন করাই তাদের লক্ষ্য। এর মাধ্যমে দেশের মানুষকে ভবিষ্যতে আরও বেশি নির্বাচনমুখী করে তোলার প্রত্যাশা রয়েছে।