২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আক্রান্ত ১১৫৫ শিশু

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত অসুস্থতা উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৫ শিশু।
সোমবার (১০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৭৮০ শিশুর মৃত্যু হয়েছে।
অন্যদিকে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৮ শিশু। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৭৮ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৩ শিশু হামে আক্রান্ত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে আরও ৯৯২ শিশু। সব মিলিয়ে এক দিনে হাম ও উপসর্গজনিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১৯ হাজার ৩২২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ১৫ হাজার ১৩৯ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
হামজনিত পরিস্থিতি মোকাবিলায় শিশুদের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী হাসপাতালে চিকিৎসা নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।